২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমসটেকে সই হবে চারটি ‘গুরুত্বপূর্ণ’ দলিল

বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট ‘বিমসটেক’ এর পঞ্চম শীর্ষ সম্মেলনে চারটি ‘গুরুত্বপূর্ণ’ দলিলে সই করবেন নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 09:09 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ওই সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এবারের সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, ভার্চুয়াল পদ্ধতিতে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসে।

শীর্ষ সম্মেলনে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের স্বাগত বক্তব্যের পর বিমসটেকের সদস্য দেশের সরকারপ্রধানরা বক্তব্য দেবেন। ভার্চুয়ালি অংশ নিয়ে এই পর্বের শুরুতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিমসটেক অঞ্চলে দারিদ্র্য, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত, কোভিড-১৯ পরবর্তী করণীয় সম্পর্কে যৌথ কৌশল নির্ধারণের গুরুত্ব তুলে ধরবেন।

এছাড়া আঞ্চলিক সন্ত্রাস ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনসহ অন্যান্য যৌথ সমস্যা নিয়ে উপযুক্ত কৌশল গ্রহণের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে এসবের মোকাবেলা করার আহবান জানাবেন।

আব্দুল মোমেন জানান, এবারের শীর্ষ সম্মেলনে চারটি গুরুত্বপূর্ণ দলিলে সই করবেন বিমসটেক নেতারা। এর মধ্যে বিমসটেক সনদে ইলেকট্রনিক সই করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ‘বিমসটেক’ সনদের খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

এই সনদের বিষয়ে সেসময় মন্ত্রিপরিষদ সচিব জানান, বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে একটা বাণিজ্যিক অঞ্চল গঠন করা সম্ভব হবে, যোগাযোগ ব্যবস্থার একটা বড় উন্নয়ন সাধন হবে।

এক দেশ থেকে আরেক দেশে সরাসরি ট্রাক বা যে মাধ্যম আছে, সেই মাধ্যমে সরাসরি মালামাল আনা নেওয়া করা যাবে। বঙ্গোপসাগরের প্রাকৃতিক এবং খনিজ সম্পদ সহযোগিতার ভিত্তিতে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

‘বিমসটেক’ সনদের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন  

সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অপরাধের ক্ষেত্রে পারস্পরিক আইনি সহায়তা বিষয়ক কনভেনশন এবং শ্রীলংকায় বিমসটেক টেকনোলজি ট্রান্সফার ফ্যাসিলিটিতে সহযোগিতার সমঝোতা সই করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে সহযোগিতার সমঝোতা স্মারকে সই করবেন ফরেইন সার্ভিস একাডেমির রেক্টর।

“বিমসটেকের সেক্টর ও সাব-সেক্টরগুলোকে রেশনালাইজেশন ও রিঅর্গানাইজেশন এবং পরিবহন যোগাযোগের ক্ষেত্রে মাস্টারপ্ল্যানও সম্মেলনের প্রস্তাবনায় রয়েছে।”

তিনি জানান, সম্মেনলেনে ভার্চুয়ালি যোগ দিয়ে ২৫ বছরের সাফল্যের ধারাবাহিকতায় এই জোটকে আরও শক্তিশালী এবং কার্যকর করার জন্য বিমসটেক নেতাদের প্রতি আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি জোটভুক্ত সাত দেশের অর্থনৈতিক সহযোগিতার প্রক্রিয়াকে শক্তিশালী করতে আগের মতোই বাংলাদেশের সমর্থন এবং প্রচেষ্টা অব্যাহত থাকার আশ্বাসও দেবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, কলম্বোয় শীর্ষ সম্মেলনের আগের দিন ২৯ মার্চ ১৮তম বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভা হবে এবং ২৮ মার্চ ২২তম বিমসটেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা হবে। এই দুই সভায় সরাসরি অংশ নেবেন বাংলাদেশের প্রতিনিধিদল।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর থাইল্যান্ডের কাছে বিমসটেকের সভাপতির দায়িত্ব হস্তান্তর করবে শ্রীলংকা। বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এ জোটের সদস্য।

১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেকের যাত্রা শুরু হয়।

শুরুতে কেবল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এর সদস্য হলেও পরে মিয়ানমার, নেপাল ও ভুটান যোগ দেয়।

ভৌগলিকভাবে দক্ষিণ এশিয়াকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করেছে বিমসটেক; কাজ করছে সার্ক ও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃআঞ্চলিক সহযোগিতার একটি সেতুবন্ধ হিসেবে।