‘বিমসটেক’ সনদের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম ‘বিমসটেক’ সনদের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন সরকারপ্রধান।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কার কলম্বোতে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন হবে। তার আগেই এই সনদে সই করতে হবে। এই সনদে মোট ১১টি অধ্যায় এবং ৩৬টি অনুচ্ছেদ রয়েছে।
“বাংলাদেশ বিমসটেকের সেক্রেটারিয়েল ফাংশন দেবে এবং সেক্রেটারিয়েট ঢাকাতে হবে। সেজন্য এটা অনুমোদনের প্রয়োজন ছিল। এটা আইন এবং বাণিজ্য মন্ত্রণালয় দেখে দিয়েছে।”
বিমসটেক সনদ স্বাক্ষরের ফলে কী সুবিধা হবে তা জানিয়ে সচিব বলেন, “বিমসটেকভুক্ত দেশসমূহের মধ্যে একটা বাণিজ্যিক অঞ্চল গঠন করার সম্ভব হবে, যোগাযোগ ব্যবস্থার একটা বড় উন্নয়ন সাধন হবে। এক দেশ থেকে আরেক দেশে সরাসরি ট্রাক বা যে মাধ্যম আছে. সেই মাধ্যমে সরাসরি মালামাল আনা নেওয়া করা যাবে।
“সবচেয়ে বড় জিনিস হল- বঙ্গোপসাগরের যে প্রাকৃতিক সম্পদ এবং অন্যান্য মিনারেলস আছে, সেগুলো সহযোগিতার ভিত্তিতে ব্যবহারের সুযোগ তৈরি হবে।”
