২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গাবালীর স্বপ্ন যেভাবে আলোকিত হল

নদী আর সাগরে ঘেরা ছোট ছোট দ্বীপ নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা; আধুনিক সুবিধা বলতে তারা বুঝতেন পাকা রাস্তা, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, মোবাইল নেটওয়ার্ক আর নিরাপদ নৌযান। জাতীয় গ্রিডের বিদ্যুৎ এসে ঘর আলো করবে, এমন আশা তারাও করেননি।

ফয়সাল আতিক

কুয়াকাটা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2022, 01:03 AM

Updated : 25 Oct 2022, 10:19 AM

সরকারের শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের সুযোগে যেন স্বপ্নদৃশ্যের মতই বাড়ির কাছে দৃশ্যমান হয়ে উঠল বিদ্যুতের খুঁটি। গত ছয়মাস ধরে ঘরে ঘরে বৈদ্যুতিক বাতি জ্বলছে, ফ্যান ঘুরছে, টিভি-ফ্রিজ চলছে।

মুজিব জন্মশতবার্ষিকীতে দেশের শতভাগ মানুষের কাছে বিদ্যুত সুবিধা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় মূল ভূখণ্ড থেকে জল আর জঙ্গল পাড়ি দিয়ে জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছেছে রাঙ্গাবালীর চরাঞ্চলে।

শনিবার রাঙ্গাবালী সদর ইউনিয়ন চরমোন্তাজসহ আরও কয়েকটি ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেল, এভাবে চরে বিদ্যুৎ মিলবে, তা যেন তাদের কাছে ‘স্বপ্নের মত’।

রাঙ্গাবালী সদরের মুদি দোকানি মমতাজ সরদার বলেন, “এতো দুর্গম এলাকায় ডাঙ্গা থেকে লাইন দিয়ে বিদ্যুৎ আসবে, এটা কল্পনাতে কখনও আসেনি। গত কয়েক বছর এ নিয়ে আলোচনা হচ্ছিল, তখনও কেউ বিশ্বাস করেনি। কিন্তু ঘরে ঘরে যখন বিদ্যুৎ সংযোগ এল- মানুষের কাছে তা যেন দিবাস্বপ্ন সত্যি হওয়ার অবস্থা।”

বদলে যাওয়া এক জনপদ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মূল ভূখণ্ড থেকে ১৩ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে একটি বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী।

রাঙ্গাবালী সদর ইউনিয়ন, বড় বাইশদিয়া, ছোট বাইশদিয়া, চরমোন্তাজ, চালিতাবুনিয়া ইউনিয়নের চর ও নদী নিয়ে উপজেলার মোট আয়তন প্রায় ৪৭০ বর্গকিলোমিটার।

প্রতিটি ইউনিয়নই নদীর মাধ্যমে বিচ্ছিন্ন দ্বীপের মত। আবার অনেক ইউনিয়ন দুই থেকে তিনটি দ্বীপ নিয়ে গঠিত। আরও আছে সোনার চর, আন্ডার চর, চর কাশেম, চর হেয়ারসহ অনেক নতুন নতুন চর।

২৫ হাজার পরিবারে এক লাখের কিছু বেশি মানুষের আবাস এই অঞ্চলে, যাদের বড় একটি অংশ নদী-সাগরে মাছ ধরে জীবন চালান।

এইচএসসি পাসের পর গত ১৫ বছর ধরে রাঙ্গাবালী শহরে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন হানিফ মাহমুদ। তিনি বললেন, “এক সময় আমাদের এখানে রাতের বেলায় কয়েক ঘণ্টার জন্য জেনারেটর চলত। হোটেল রেস্টুরেন্টে ব্যাটারিতে টিভি চলত। টাকার দিয়ে বা কিছু কেনার বিনিময়ে দেখা যেত টিভি।

“২০০৫-২০০৬ সালের দিকে আমরা সোলার বিদ্যুৎ দেখতে শুরু করি। কিন্তু জাতীয় লাইন থেকে এরকম সবসময় বিদ্যুৎ পাব কল্পানাও করতে পারিনি।”

হানিফ বলেন, “বিদ্যুৎ আসার পর আমাদের এখানে জীবনযাত্রার পরিবর্তন শুরু হয়েছে। অনেকগুলো টিভি-ফ্রিজের দোকান চালু হয়েছে। হোটেল রেস্টুরেন্টগুলোতে এখন অহরহ ফ্রিজ দেখা যায়।”

তাতে কী পরিবর্তন হচ্ছে? আগে ২৫ টাকার কোমল পানীয়র বোতল কিনতে হত ৩০ টাকায়। কারণ সেগুলো বরফের ভেতরে রেখে ঠাণ্ডা করতে হত। বরফ আনতে হত কলাপাড়ার কোনো বফরকল থেকে। এখন ২৫ টাকার জুস ২৫ টাকাতেই পাওয়া যাচ্ছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী মুজিববর্ষের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিত করতে চেয়েছিলেন। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত উপজেলার প্রায় ২৫ হাজার পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।

“এটা খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ ছিল। কারণ, সাবমেরিন কেবলের মাধ্যমে ৬ কিলোমিটার দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে বিদ্যুৎ আনতে হয়েছে। অন্যপ্রান্তে চরফ্যাশনের মূল সাবস্টেশন থেকে ২৬ কিলোমিটার ওভারহেড লাইন টানতে হয়েছে।”

তিনি জানান, চরমন্তাজ ইউনিয়ন রাঙ্গাবালীর মূল ভূখণ্ড থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। আবার চালিতাবুনিয়া মূল ভূখণ্ড থেকে সাত কিলোমিটার দূরে। চালিতাবুনিয়ার বিদ্যুৎ সংযোগ গলাচিপা থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে দেওয়া হয়েছে। এই কাজ শেষ করা হয়েছে মাত্র ১৪ মাসে।

“পাঁচ মাস হল এ এলাকায় বিদ্যুৎ এসেছে। এই সময়ের মধ্যে আমরা এখানকার অর্থনীতিতে দারুণ এক পরিবর্তন দেখতে পাচ্ছি। যে জমির দাম ৩০ হাজার টাকা ছিল, সেটা এখন তিন লাখ টাকা হয়ে গেছে। কেন হয়েছে? এর মূল কারণ বিদ্যুৎ সংযোগ।”

ইউএনও জানান, মাছ সংরক্ষণে বরফের জন্য আগে গলাচিপা কিংবা কলাপাড়ার ওপরে নির্ভর করতে হত, অথচ এখন মৎস্যজীবীরা নিজ এলাকায় বরফ উৎপাদন করছেন, হিমাগার নির্মাণ করছেন।

বিদ্যুৎ সংযোগ কৃষি উৎপাদনেও বড় ধরনের সুফল বয়ে আনবে বলে আশা করছেন এই সরকারি কর্মকর্তা।

“এ অঞ্চল কৃষি নির্ভর। কৃষি বিভাগের তথ্য মতে, গত বছর এখানে প্রায় ৫০০ কোটি টাকার তরমুজ বিক্রি হয়েছে। কিন্তু চারদিকে লোনা পানি হওয়ার কারণে মিঠা পানি জমিয়ে রেখে এই চাষাবাদ করতে হয়।

“সারফেইসে ছোট ছোট পুকুর বা জলাশয়ে ধরে রাখা পানি দিয়ে সেচের কাজ পূর্ণাঙ্গ হত না। এখন তারা গ্রাউন্ড ওয়াটার বা মাটির নিচ থেকে মিষ্টি পানি তুলে কৃষির কাজে ব্যবহার করতে পারবে, ফলে উৎপাদন বেড়ে যাবে।”

অর্থনৈতিক কর্মকাণ্ডে যে বিপুল পরিবর্তন আসছে, তার উদাহরণ দিতে গিয়ে মাশফাকুর রহমান বলেন, দুই বছর আগে যে এলাকায় ৫০টি দোকান ছিল, সেটা এখন দেড়শ কিংবা কোথাও কোথাও ২০০ হয়ে গেছে। নতুন নতুন ব্যবসা চালু হচ্ছে।

“ফ্রিজ, টিভি, ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান গড়ে উঠছে। জীবনযাত্রার মানে একটা বিশাল পরিবর্তন আসছে,” বলেন এই সরকারি কর্মকর্তা।

২৪ ঘণ্টা বিদ্যুৎ মিলবে ?

পল্লী বিদ্যুতের তথ্য অনুযায়ী, রাঙ্গাবালীতে ২৬ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভি ওভারহেড লাইন এবং তেঁতুলিয়া, কাজল ও বুড়া গৌরাঙ্গ নদীর তলদেশ দিয়ে ৫ দশমিক ৮০ কিলোমিটার সাবমেরিন কেবল টানা হয়েছে। এছাড়া ১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করা হয়েছে একটি।

সংযোগ সবার ঘরে ঘরে পৌছালেও দিনের অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না বলে জানালেন গ্রাহকরা।

পল্লী বিদ্যুতের পটুয়াখালী সমিতির মহাব্যবস্থাপক মো. রাজ্জাকুর রহামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পটুয়াখালী পল্লী বিদ্যুতের গলাচিপা অংশ থেকে চালিতাবুনিয়া এবং অন্য একটি অংশ থেকে রা রাঙ্গাবালীর গহিনখালী অংশে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

আর ভোলার চরফ্যাশন থেকে আরেকটি সাবমেরিন কেবলের মাধ্যমে চরমোন্তাজ এলাকায় বিদ্যুৎ দেওয়া হয়েছে। শুধু পানির তলদেশই নয়, অনেক স্থানে ম্যানগ্রোভ বা বনাঞ্চলের ভেতর দিয়ে বিদ্যুৎ নিয়ে যাওয়া হয়েছে।

“গহীন জঙ্গল দিয়ে লাইন নেওয়ার কারণে অনেক সময় সমস্যা দেখা দেয়। এখানে সাবস্টেশনের সংখ্যাও বাড়াতে হবে। তবে লোডশেডিং হওয়ার মত বিদ্যুতের কোনো ক্রাইসিস নেই।”

পল্লী বিদ্যুতের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬০ কোটি টাকা ব্যয়ে রাঙ্গাবালীতে মোট ২৬ কিলোমিটার ওভারহেড লাইন,  একটি ১০ এমভি উপকেন্দ্র, ১ হাজার ২৪১ কিলোমিটার ১১ কেভি বিতরণ লাইন স্থাপন করা হয়েছে।

এর মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে গেছে ছয় ইউনিয়নের ১০৪ গ্রামের ২৫ হাজার ৩৫৮ জন গ্রাহকের কাছে। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের নভেম্বরের মধ্যে শেষ হয়েছে এই প্রকল্প।