জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস সৌদি পররাষ্ট্রমন্ত্রীর
ইউক্রেইন যুদ্ধের জেরে বিশ্ব বাজারে অস্থিরতা বাড়লেও বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
বুধবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও সৌদি আরবের ‘উচ্চ পর্যায়ের’ সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ বিষয়ে কথা বলেন।
ফয়সাল বলেন, “আমি যেটা আপনাদের বলতে পারি, তেলের বাজার স্থিতিশীল রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত সব সূচক যা বলছে… তেলের সরবরাহ নিয়ে শঙ্কার কিছু এখনও নেই।”
জ্বালানি তেল উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা সৌদি আরব প্রতিদিন ১১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে, যা বিশ্বের মোট উৎপাদনের ১১ শতাংশের মত।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সৌদি আরবের আরামকো থেকে বছরে ৭ লাখ টন আরব লাইট অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে।
তেল উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা রাশিয়া প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে, যার অর্ধেকের বেশি যায় ইউরোপে।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরু হলে ২৪ ফেব্রুয়ারি বিশ্ব বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২০১৪ সালের পর প্রথমবারের মত ১০০ ডলার ছাড়িয়ে যায়।
এরপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা রাশিয়ার ও পর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করলে প্রতি ব্যারেলের দাম উঠে যায় ১৩৯ ডলারে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।
গত কয়েক দিনে তা আবার ১০০ ডলারের আশপাশে নেমে এলেও বিশ্ববাজারে শঙ্কা আর অস্থিরতা কমেনি। যুদ্ধ দীর্ঘায়িত হলে তার প্রভাব বাংলাদেশে কতটা পড়বে, সরবরাহে জটিলতা তৈরি হবে কি না, সেসব বিষয়ে বাংলাদেশেও উদ্বেগ রয়েছে।
দাম বেড়ে যাওয়ায় ভুর্তকির কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানও বাড়ছে। গত ২৫ ফেব্রুয়ারি সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছিলেন, শুধু ডিজেলেই তাদের দৈনিক ১৩ কোটি টাকার মতো লোকসান হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অবশ্য বলেছেন, এখনই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা সরকার ভাবছে না।
সোমবার বিদ্যুৎ ভবনে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা চাচ্ছি, কতটুকু স্থিতিশীল রাখা যায় দামের বিষয়টা (জ্বালানির ক্ষেত্রে)। দেখা যাক, এখনও পরিস্থিতি নাগালের বাইরে না।”
“সরকার চাচ্ছে যে, লোকসান করে হলেও সেখানে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দিয়ে কতটুকু চলা যায়। এটা যদি খুব বেশি বড় হয় তাহলে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। এখনও সেই জায়গাতে আমরা যাইনি।”
