২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের শিল্পে পরিষেবার ওপর ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

তরুণদের শিল্পায়নে উৎসাহ দিতে তরুণ উদ্যোক্তাদের এবং কুটির শিল্পে সবধরণের পরিষেবার ওপর ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 11:21 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সম্মেলন কক্ষে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এই প্রস্তাব দেন বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ।

তিনি বলেন, “এখন আমাদের দেশে আর্থ-সামাজিক যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে একান্তভাবে দেশীয় শিল্প প্রতিষ্ঠান সৃষ্টির সময় এসেছে। কিন্তু আমাদের তরুনরা এখনও সেভাবে এগুতে পারছে না।

“দেশে তরুণদের নতুন নতুন শিল্পায়নে উৎসাহ দেওয়ার জন্য তরুণদের শিল্পে ইউটিলিটির (পরিষেবা) ওপর ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানানচ্ছি।”

এছাড়া তরুণ শিল্প মালিক গড়ে তোলার জন্য ক্ষুদ্র, কুটির ও ক্ষুদ্র শিল্প এবং তরুণ শিল্প উদ্যোক্তাদের জন্য ন্যূনতম পাঁচ বছর কর অবকাশ এবং পরবর্তীতে ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে কর নির্ধারণের সুপারিশ করেন তিনি।

ব্যবসায়ী এ নেতা বলেন, "চলতি অর্থবছরের বাজেটেই তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে বাজেটে বিশেষ তহবিল রয়েছে। কিন্তু সুষ্ঠু নীতিমালার অভাবে এই তহবিলের সুফল পাওয়া যাচ্ছে না।

“আমরা তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল বিতরণের জন্য নীতিমাল প্রণয়নের প্রস্তাব করছি।”

পাশাপাশি দেশে নারী উদ্যোক্তাদের সুবিধা বাড়ানোর জন্য নারী উদ্যোক্তাদের রপ্তানি প্রতিষ্ঠানগুলোর জন্য বন্ডেড ওয়্যার হাউজ সুবিধা দেওয়ার প্রস্তাবও করেন তিনি।

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ‘র সাবেক এই সভাপতি গত দুই বাজেটের ধারাবাহিকতায় দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ ও শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে করপোরেট কর হার আরও ২ দশমিক ৫ শতাংশ কমানোর প্রস্তাব করেন।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- ডিসিসিআই সভাপতি মো. রিজওয়ান রাহমান আগামী বাজেটে করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে ৪ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দেন।

এছাড়া করপোরেট কর হার আড়াই শতাংশ কমিয়ে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর ২০ শতাংশে এবং অতালিকাভূক্ত কোম্পানির কর হার ২৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করেন।

বিপুল সম্ভাবনাময় চামড়া ও পাদুকা শিল্প রপ্তানিতেও পোশাক শিল্পের মতো প্রতি তিন বছর পর পর লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়ার পাশাপাশি লাইসেন্স প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা পরিহার করার আহবান জানান রিজওয়ান রাহমান।

আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, "২০২৬ সালের পর উন্নয়নশীল দেশের কাতারে চলে যাওয়ার পর দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার অনেক সুযোগ সীমিত হয়ে আসবে। তাই গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে আমরা দেশীয় শিল্পের সুরক্ষায় কাজ করছি।"

এই সুযোগের সদ্ব্যবহার করে শিল্পের টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের শিল্পায়ন এবং রপ্তানি বাড়ানোর সুযোগ গ্রহণের আহবান জানান এনবিআর চেয়ারম্যান।