২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্কমুক্ত রিসাইকেলড ফাইবার আমদানির সুযোগ চায় বিটিএমএ

শুল্কমুক্ত সুবিধায় রিসাইকেলড ফাইবার আমদানি সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে বস্ত্র মিল মালিকদের সংগঠন বিটিএমএ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 12:13 AM

Updated : 02 Aug 2022, 02:59 PM

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী খোকন।

রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবন (এনবিআর) সম্মেলন কক্ষে এ বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পাশাপাশি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিনিধিরাও অংশ নেন।

এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিমের সভাপতিত্বে বৈঠকে নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ রপ্তানির বিপরীতে নগদ সহায়তার ওপর আয়কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করার দাবি জানিয়েছে।

বৈঠকে বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, বর্তমানে পোশাকের বিশ্ববাজারে ম্যান মেইড ফাইবারের তৈরি পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে। চাহিদা বাড়ছে রিসাইকেলড ফাইবারেরও।

“কিন্তু বাংলাদেশ এখনও এই দুই ফাইবারের পোশাক রপ্তানিতে পিছিয়ে রয়েছে। অথচ এখন দেশে-বিদেশে এ ধরনের পোশাকের ব্যবহারই সবচেয়ে বেশি বাড়ছে। তাই রিসাইকেলড ফাইবার আমদানিতে শুল্ক-করমুক্ত সুবিধার প্রস্তাব করছি।”

এসময় তিনি বর্তমানে প্রতিকেজি সুতার ভ্যাট ছয় থেকে কমিয়ে তিন টাকায় নির্ধারণ এবং বস্ত্র শিল্প প্রতিষ্ঠানের আয়কর হার আগামী ২০৩০ সাল পর্যন্ত ১৫ শতাংশ বহাল রাখার প্রস্তাবও করেন।

তিনি বলেন, সুতাসহ কাঁচামাল আমদানিতে এখনও ১৫ শতাংশ অগ্রিম কর নেওয়া হয়। এটি কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেন তিনি।

বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম রপ্তানির বিপরীতে নগদ সহায়তায় থাকা ১০ শতাংশ আয়কর প্রত্যাহারের প্রস্তাব করেন।

সংগঠনটি শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোকে শুন্য ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে।

বৈঠকে এনবিআর সদস্য মো. মাসুদ সাদিক (কাস্টমস নীতি), জাকিয়া সুলতানা সদস্য (ভ্যাট নীতি) এবং সামস উদ্দিন আহমেদ সদস্য (আয়কর নীতি) অংশ নেন।