২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করপোরেট কর ‘কমিয়ে’ আওতা বাড়ানোর পরামর্শ

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে করপোরেট করের হার ‘কমানোর’ পাশাপাশি এর আওতা বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 08:21 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় বিশেষজ্ঞদের কাছ থেকে এসব প্রস্তাব আসে।

কর আহরণে নতুন খাতে নজর দেওয়া, স্বয়ংক্রিয় পদ্ধতিতে কর আদায়, করদাতাবান্ধব রাজস্ব আদায়ের পাশাপাশি জিডিপির অনুপাতিক হার বাড়ানোর পরামর্শ দেন তারা।

বৈঠকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর ভবিষ্যতের চ্যলেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

“শিগগির বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হতে যাচ্ছে। কিন্তু আমরা এলডিসি থেকে বের হওয়ার পর রপ্তানিতে অনেক সুযোগ-সুবিধা আমরা হারাব।

“ওই সময়ে আমাদের ব্যবসায়ীদের কর সুবিধা দিয়ে টিকিয়ে রাখতে হবে। ওই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”

দেশে করপোরেট করের হার প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক বেশি জানিয়ে তিনি বলেন, “তাই কর্পোরেট কর হার কমিয়ে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে।”

গত দুই বাজেটে ২ দশমিক ৫ শতাংশ হারে কর কমিয়ে এখন দেশের করপোরেট কর হার ৩০ শতাংশ। আর শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২২ দশমিক ৫০ শতাংশ।

আহসান এইচ মনসুর বলেন, “অথচ চীন, ভারত, ভিয়েতনামসহ আমাদের প্রতিযোগী দেশগুলোর করপোরেট কর হার ক্ষেত্রবিশেষে ১৫ শতাংশেরও নিচে।”

দেশে জিডিপির অনুপাতে রাজস্ব হার ১০ শতাংশের নিচে উল্লেখ করে তিনি বলেন, “কর জিডিপির হার অন্যদেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে। তাই আওতা বাড়িয়ে রাজস্ব আদায় বাড়াতে হবে।”

ব্যবসায়ীদের কর কমানোর দাবিকে ‘যৌক্তিক’ মনে করেন বলেও জানান অর্থনীতির এই গবেষক।

কর্পোরেট কর ধাপে ধাপে কমানোর দাবি ডিসিসিআইয়ের  

কর্পোরেট কর হার ক্রমান্বয়ে কমানোর দাবি ঢাকা চেম্বারের  

তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হোক ১৫%, দাবি মার্চেন্ট ব্যাংকারদের  

কর্পোরেট কর হার কমানোর দাবি ডিসিসিআইর  

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমানোর দাবি  

কর আহরণ ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করার পরামর্শ দিয়ে তিনি বলেন, “সম্প্রতি আমরা কর হার কমিয়ে অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু আমাদের রাজস্ব আদায় কমেনি বরং বেড়েছে।

“কর দাতা এবং সংগ্রহকারীর মধ্যে দূরত্ব ঘোচাতে হবে। কারণ করদাতা যদি মনে করে যে কর দিতে তার দূরে যেতে হবে, তাহলে তিনি কর দিতে উৎসাহ পাবেন না। বরং করদাতা যেখানে থাকেন সেখান থেকেই যদি কর পরিশোধ করার সিস্টেম থাকে তাহলে করাদাতা কর দিতে উৎসাহিত হবেন।”

রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় যথাযথ স্থানে লোকবল নিয়োগ এবং গণহারে ভর্তুকি না দিয়ে তা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কাছ থেকে লাইসেন্স নবায়ন ফি না নেওয়ার বিষয়টি নজরে এনে তাদের উপর টার্নওভার কর বসানোর পরামর্শ দেন অর্থনীতি সমিতির সদস্য জামাল উদ্দিন আহমেদ।

এসময় তিনি ব্রিটিশ শাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ইস্টইন্ডিয়া কোম্পানির কাছে ফি দেওয়ার পর, আর নবায়ন ফি দিয়েছেন বলে আমার মনে নেই।”

আলোচনায় মামুন রশিদ বলেন, “আন্তর্জাতিক পরামর্শক সংস্থার কাছ থেকে ৪৩ দশমিক ৭ শতাংশ হারে কর নেওয়া হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসার উৎসাহ পায় না।”

অনুষ্ঠানে ‘স্নেহাশিষ মাহমুদ অ্যান্ড কোম্পানি’র প্রতিনিধি স্নেহাশিষ বড়ুয়া দেশের সিটি করপোরেশনগুলোতে হোল্ডিং ট্যাক্সের সঙ্গে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামুলক করার প্রস্তাব দেন।

“হোল্ডিং ট্যাক্সের সাথে টিআইএন বাধ্যতামূলক করলে তারা অবশ্যই কর দিতে বাধ্য,” বলেন তিনি।

জমির খাজনা দেওয়ার ব্যবস্থাতেও ই-টিআইএন চালু করার পাশাপাশি মৌজা রেট যৌক্তিক করার ওপর গুরুত্ব দিতে বলেন স্নেহাশিষ।

তিনি বলেন, “ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মুনাফার ওপর কর (ক্যাপিটাল গেইন ট্যাক্স) আদায় নিশ্চিত করতে পারলে দেশে স্বচ্ছতা বাড়বে। সম্পদ শতভাগ বৈধ হওয়ায় সম্পদশালীদের অস্থিরতা কমবে।”

১৯৯৮ সালের একটি আইন অনুযায়ী কোনো বহুজাতিক কোম্পানি বাংলাদেশে লিয়াজোঁ অফিস করলে সেই কোম্পানি চাইলে তার লেনদের কর নিজ দেশে দিতে পারে বলে জানান তিনি।

আইনটি বাতিলের পরামর্শ দিয়ে স্নেহাশিষ মাহমুদ বলেন, “আমাদের দেশে ব্যবসা করে তার দেশে কর দিলে আমি রাজস্ব কোথায় পাব।”

অনুষ্ঠানে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিস ডায়ালগ (সিপিডি) প্রতিনিধি সৈয়দ ইউসুফ সাদাত নতুন বাজেটে তামাকের ওপর কর স্ল্যাব না করে প্রতি শলাকায় ১০ টাকা হারে কর বসানোর প্রস্তাব করেন।

“বর্তমানে চারটি স্ল্যাব করে কর বসানো হচ্ছে। কিন্তু প্রতিবছর তামাক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, কোম্পানির লাভ বেশি হচ্ছে, কিন্তু তামাক ব্যবহার কমানোর যে উদ্দেশ্য সেটা পূরণ হচ্ছে না।”

আলোচনায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা বিআইডিএসের পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে বলা হয়, দেশে ৭০ লাখ মানুষের টিএনআই থাকলেও কর দিচ্ছেন মাত্র ২৪ লাখ মানুষ।

রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কর হারানোর উদাহরণ দিয়ে বিআইডিএস প্রতিনিধি বলেন, “গাজীপুরের হোল্ডিং ট্যাক্স গুলশানের চেয়ে বেশি। এটা কেন জানতে চাইলে মেয়র আমাকে জানিয়েছিলেন এটা রাজনৈতিক সিদ্ধান্তের কারণ হতে পারে।”

বৈঠকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, আর্থিক ব্যবস্থাপনায় যুক্তরাজ্য ভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান পিডব্লিউসি’র ম্যানেজিং পার্টনার মামুন রশিদ বক্তব্য রাখেন।