কর্পোরেট কর ধাপে ধাপে কমানোর দাবি ডিসিসিআইয়ের
দেশে কর্পোরেট কর হার প্রতি বছর আড়াই শতাংশ পয়েন্ট হারে কমিয়ে আনার দাবি জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান।
রোববার ডিসিসিআই আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি বলেন, বাংলাদেশের কর্পোরেট কর হার বৈদেশিক বিনিয়োগ আসার ক্ষেত্রে ‘বড় বাধা’ হিসেবে কাজ করছে।
“বাংলাদেশের কর্পোরেট কর হার আশপাশের দেশের তুলনায় অনেক বেশি। সরকারের উচিত্ প্রতি বছর আড়াই শতাংশ হারে কমিয়ে আনা। এতে সরকারের উপর চাপ কম পড়বে। দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়বে।”
প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তুলনা করে ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের কর্পোরেট কর হার এখন ৩০ শতাংশ। আর ২০২১ সালে বাংলাদেশ বৈদেশিক বিনিয়োগ পেয়েছে ২ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলারের।
একই সময়ে ভিয়েতনামে ৩৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। সেখানে কর্পোরেট কর হার ২০ শতাংশ।
“অর্থাত্ কর্পোরেট কর হারের সাথে বৈদেশিক বিনিয়োগের একটি সম্পর্ক রয়েছে। কর্পোরেট কর হার যত কমবে, বৈদেশিক বিনিয়োগ তত বাড়বে।”
পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সাথে বাংলাদেশের কর্পোরেট কর হারের একটি তুলনামূলক চিত্রও তুলে ধরেন রিজওয়ান রাহমান।
সেখানে দেখা যায়, বাংলাদেশে কর্পোরেট কর হার ৩০ শতাংশ হলেও যুক্তরাষ্ট্রে গড় কর্পোরেট কর হার ২৭ শতাংশ। আর এশিয়া অঞ্চলে এই হার গড়ে ২১ দশমিক ৪৩ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নে গড়ে ১৮ দশমিক ৯৮ শতাংশ। আর বৈশ্বিক গড় ২৩ দশমিক ৬৪ শতাংশ।
সংবাদ সম্মেলনের শুরুতে ডিসিসিআই সভাপতি সমসাময়িক অর্থনীতির ১০টি বিষয়বস্তুর বিস্তারিত চিত্র তুলে ধরেন এবং ২০২২ সালে সংগঠনের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
তিনি জানান, এ বছর ঢাকা চেম্বার সিএমএসএমই, বেসরকারি বিনিয়োগ ও এফডিআই, রপ্তানি বহুমুখীকরণ, সমুদ্র অর্থনীতি, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল এনগেইজমেন্ট, কর ব্যবস্থাপনা এবং এলডিসি উত্তোরণের মত বিষয়ে বেশি গুরুত্ব আরোপ করবে।
ঢাকা চেম্বারের সভাপতি বলেন, “কোভিড মহামারী কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ করে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের অবস্থা অত্যন্ত নাজুক, তাদের ঘুরে দাঁড়ানোর জন্য আর্থিক সহায়তা প্রাপ্তির বিষয়টি আরো সহজ করা প্রয়োজন।”
সমুদ্র অর্থনীতিকে বাংলাদেশের জন্য অত্যন্ত ‘সম্ভাবনাময়’ একটি খাত হিসেবে বর্ণনা করে তিনি জানান, দেশের জিডিপিতে এ খাতে অবদান এখন মাত্র ৩ দশমিক ১০ শাতংশ। এর সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে একটি কার্যকর রূপকল্প প্রণয়ন করা প্রয়োজন।
আর এক্ষেত্রে একমাত্র অটোমেশনই ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য খাতে সকল প্রকার দুর্নীতি রোধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি আরমান হক এবং সহ-সভাপতি মনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
