কর্পোরেট কর হার কমানোর দাবি ডিসিসিআইর
আগামী ২০১৯-২০ অর্থবছরে কর্পোরেট কর হার কমিয়ে সর্বোচ্চ ৪০ এবং সর্বনিম্ন ১৫ শতাংশ করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
ডিসিসিআই সভাপতি ওসামা তাসীরের নেতৃত্বে চেম্বারের একটি প্রতিনিধি দল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় এই দাবি জানায়।
ঢাকার সেগুনবাগিচার এনবিআর ভবনের সম্মেলন কক্ষে এ আলোচনা হয়।
কর হার কমানোর দাবি জানিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, “বাংলাদেশে কর্পোরেট কর হার অনেক বেশি। শেয়ারবাজারে নন লিস্টেড কোম্পানির জন্য বাংলাদেশে কর হার ভিয়েতনামের তুলনায় ১৫ শতাংশ, মালয়েশিয়ার তুলনায় ১১ শতাংশ, চীন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের তুলনায় ১০ শতাংশ, পাকিস্তানের তুলনায় ৬ শতাংশ এবং ভারত ও ফিলিপিন্সের তুলনায় ৫ শতাংশ বেশি।”
করের আওতা বাড়িয়ে কর হার কমিয়েও রাজস্ব বাড়ানোর নীতি গ্রহণ করলে সরকার লাভবান হবে বলে মন্তব্য করেন তিনি।
শেয়ারবাজারে তালিকা বহির্ভূত কোম্পানির বিদ্যমান কর হার ৩৫ শতাংশ থেকে নামিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেন ওসামা তাসীর।
একইভাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২৫ থেকে ১৫ শতাংশে, তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার ৩৭.৫ থেকে নামিয়ে ৩২.৫ শতাংশ, তালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানির কর হার ৪০ থেকে ৩৫ শতাংশে নামিয়ে আনা এবং তালিকা বহির্ভূত মোবাইল ফোন কোম্পানির কর হার ৪৫ থেকে ৪০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
ডিসিসিআই সভাপতি ব্যক্তিশ্রেণির করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করেন। বর্তমানে আড়াই লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রয়েছে। এর পরবর্তী ধাপগুলোতেও ৫ শতাংশ হারে কর কমানোর প্রস্তাব করেন তিনি।
এছাড়াও লভ্যাংশের কর হার ২০ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার পাশাপাশি দ্বৈত কর বাতিল করার সুপারিশ করেন এই ব্যবসায়ী।
এনবিআর চেয়ারম্যান ডিসিসিআই সভাপতির প্রস্তাবের কিছু কিছু বিষয়ে দ্বিমত পোষণ করলেও দ্বৈত কর কমানোর প্রস্তাব যৌক্তিক বলে মেনে নিয়ে এই কর হার কমানোর আশ্বাস দেন।
করের আওতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ে কর অফিস সম্প্রসারণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
বিসিআই’র প্রাক বাজেট আলোচনা
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) চেয়ারম্যান আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও মঙ্গলবার এনবিআর চেয়ারম্যানের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় মিলিত হন।
চেম্বারের পক্ষ থেকে সভাপতি নতুন অর্থবছরের জন্য একগুচ্ছ সুপারিশ প্রস্তাব করেন।
২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার সরকারের লক্ষ্য পূরণে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য ‘তরুণ উদ্যোক্তা নীতি’ গ্রহণের প্রস্তাব করেন তিনি।
এর অংশ হিসেবে বেজা, বিসিক ও অন্যান্য খাতে তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ মূল্যে জমি বরাদ্দ এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পরামর্শ দেন তিনি।
পারভেজ বলেন, “তরুণ উদ্যোক্তা তৈরির জন্য বিনা জামানতে এবং সর্বনিম্ন সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে। ২০ কর্মদিবসের মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি সংযোগ নিশ্চিত করতে হবে।”
নতুন উদ্যোক্তাদের উৎপাদনের উপর প্রথম পাঁচ বছর কর রেয়াতের দাবি জানিয়ে তিনি বলেন, “একটি দক্ষ ও কর্মঠ যুব সমাজ তৈরি করতে প্রত্যেক উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে অদক্ষ তরুণদের দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। এখন আমাদের এই খাতে তেমন প্রবৃদ্ধি হচ্ছে না। আমাদের যুব সমাজ নিয়ে এগোতে না পারলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে।”
এসএমই খাতে বিশেষ নজর দেওয়ার প্রস্তাব করে বিসিআই চেয়ারম্যান বলেন, ইউরোপে ৭৫ শতাংশের বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প।
“আমাদেরও ক্ষু্দ্র ও মাঝারি শিল্পকে কেন্দ্র করে এগোতে হবে। কিন্তু এজন্য যে দক্ষ জনবল প্রয়োজন তা এখন আমাদের নেই। এই জনবল তৈরি বিশেষ করে অশিক্ষিত জনবলকে দক্ষতা বাড়ানোর উপর নজর দিতে হবে।
“দেশে প্রায় ৯ শতাংশ শিক্ষিত যুবক বেকার রয়েছে। অথচ শিল্পায়নে লোক পাওয়া যাচ্ছে না। কিন্তু অশিক্ষিত যুবকদের কেউ বেকার নেই। তাই আমাদের কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।”
প্রথমে হাল্কা প্রকৌশল শিল্পের প্রসারে কাজ করার আহ্বান জানিয়ে আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, “সারা বিশ্বে হাল্কা প্রকৌশল শিল্পের প্রায় ৭ ট্রিলিয়ন ডলারের বাজার রয়েছে। এই বিপুল বাজারের একটি অংশ ধরার টার্গেট নিয়ে হাল্কা প্রকৌশল শিল্প নিয়ে আমাদের এগোনো উচিত।”
