টিকা কিনতে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক দিচ্ছে আড়াই হাজার কোটি টাকা
করোনাভাইরাসের টিকা কিনতে বাংলাদেশকে ২৫ কোটি ইউরো ঋণ দিচ্ছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক-ইআইবি।
বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৪২৬ কোটি টাকা। 'বাংলাদেশ কোভিড-১৯ পাবলিক হেলথ প্রোগ্রাম' শীর্ষক একটি প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে।
ইউরোপিয়ান ব্যাংক অফার রেট (ইউরোবর) এর ৬ মাসের গড় সুদ হারের সঙ্গে ০.৮১ শতাংশ যোগ করে ৫ বছরের রেয়াতকালসহ ২০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে। তাতে সব মিলিয়ে সুদ পড়বে ২ শতাংশের মত।
এ বিষয়ে বুধবার ঢাকার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ইআইবির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং ইআইবির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান এডভারদাস বুমস্টেইনাস এবং লিগ্যাল কাউন্সেল ইমানোল লেকু গুর্টুবে ওই চুক্তিতে সই করেন।
ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থ কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে টিকা কেনা ও সরবরাহ, স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং স্বাস্থ্য খাতে সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে ব্যয় হবে।
