‘অস্বস্তির’ পর ‘অনিশ্চয়তার’ বছরে অর্থনীতি?
আর্থিক খাতে কেলেঙ্কারি আর পদ্মা সেতু নিয়ে ‘অস্বস্তির’ মধ্যেও ২০১২ সালের শেষে অর্থনীতির অধিকাংশ সূচক ‘ভাল’ অবস্থানে। তবে নির্বাচনের বছর ২০১৩ জন্ম দিতে পারে অনেক অনিশ্চয়তার। আবদুর রহিম হারমাছির বিশ্লেষণী প্রতিবেদন।
অর্থনীতির অধিকাংশ সূচক ‘নিরাপদ’ অবস্থানে থাকলেও ২০১২ সালে সরকারের অনেক অর্জনই ঢাকা পড়ে গেছে হলমার্ক কেলেঙ্কারি, ডেসটিনির অনিয়ম আর পদ্মা সেতু নিয়ে অনিশ্চয়তার ছায়ায়।
সব মিলিয়ে ‘অস্বস্তির’ একটি বছর পার করার পর বাংলাদেশ সরকার পা দিতে যাচ্ছে নির্বাচনের বছরে। একজন অর্থনীতিবিদের মতে, ২০১৩ সাল শেষ পর্যন্ত চিহ্নিত হতে পারে দেশের অর্থনীতির জন্য অনিশ্চয়তার এক বছর হিসেবে।
বাংলাদেশের অর্থনীতি ২০১১ সাল শেষ করেছিল শেয়ার বাজারে অস্থিরতা, তারল্য সঙ্কট, বিনিয়োগে খরা এবং বিদ্যুত ও জ্বালানি খাতের অনিশ্চয়তা নিয়ে। ২০১২ সালে গ্যাস উত্তোলন ও বিদ্যুৎ উৎপাদন কিছুটা বাড়লেও স্বস্তিদায়ক কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি জ্বালানি খাত।
এরপরও প্রবাসীদের পাঠানো বিদেশি মুদ্রার ওপর ভর করে এ বছর কেন্দ্রীয় বাংকের রিজার্ভ একের পর এক সুখবর দিয়ে গেছে।
এই প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ পৌঁছেছে প্রায় ১৩ শ’ কোটি ডলারে। বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে বহু ধনী দেশের তুলনায় ভাল জিডিপি প্রবৃদ্ধির কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে নানাভাবে প্রশংসিত হয়েছে বাংলাদেশের অর্থনীতি।
সব মিলিয়ে ২০১২ সালে বাংলাদেশের অর্থনীতি ‘ভাল’ অবস্থানে ছিল বলেই মনে করছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত।
ফেলে আসা বছরটির দিকে ফিরে তাকিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বছর শেষে কেবল বিনিয়োগ ছাড়া অর্থনীতির প্রধান প্রায় সবগুলো সূচকই রয়েছে ‘ইতিবাচক’ অবস্থানে।
“আমাদের অর্থনীতির সবচেয়ে ভাল দিক হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। গত এক বছরে প্রতি মাসেই ১ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। আর এই রেমিটেন্সের উপর ভর করে বিদেশি মুদ্রার রিজার্ভ প্রায় ১৩ বিলিয়ন ডলারে পৌছেছে। রপ্তানি আয়ে ৫ শতাংশ প্রবৃদ্ধিও খারাপ না।”
জায়েদ বখতের বিচারে, বর্তামনে কৃষি খাতের অবস্থা ‘খুবই ভাল’। খাদ্যমূল্য মোটামুটি স্থিতিশীল। এডিপি বাস্তবায়নও আশাব্যাঞ্জক। ব্যালেন্স অব পেমেন্টে ‘পজেটিভ’। ফলে বিদেশি বিনিয়োগ আকর্ষণেরও পরিবেশ তৈরি হয়েছে।
তবে সোনালী ব্যাংকে হলমার্কের ঋণ কেলেঙ্কারির ঘটনা ২০১২ সালে আর্থিক খাতের একটি ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে বলেই মনে করেন এই গবেষক।
সরকারের প্রতি তার বার্তা, ২০১২ সাল মোটামুটি ভালো গেলেও ২০১৩ সাল অর্থনীতির জন্য একটি অনিশ্চয়তার বছর হিসাবে দেখা দিতে পারে।
“যতোটুকু আভাস পাওয়া যাচ্ছে, ২০১৩ সালে দেশে রাজনৈতিক অস্থিরতা থাকবে। জাতীয় নির্বাচনের কারণে অর্থনীতিতে নানা ধরনের চাপ থাকবে। ভোটের বিষয়টি বিবেচনায় রেখে সরকার জনতুষ্টির জন্য নানমুখি সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে বাজেটে চাপ পড়বে। অনিশ্চয়তা দেখা দিতে পারে অর্থনীতিতে।”
আর্থিক খাতে ‘কেলেঙ্কারি’
বিদায়ী বছরে নতুন ৯টি ব্যাংককে অনুমোদন দেয়া ছাড়া আর্থিক খাতের সবচে আলোচিত-সমালোচিত ঘটনা ছিল রাষ্ট্রায়াত্ত ব্যাংক থেকে অর্থ লোপাট।
কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানে এ বছর বেরিয়ে আসে, সোনালী ব্যাংকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে হল-মার্ক গ্রুপসহ ৫টি প্রতিষ্ঠান অনিয়মের মাধ্যমে ৩ হাজার ৬০৬ কোটি টাকা সরিয়ে নিয়েছে। এর মধ্যে হলমার্ক একাই সরিয়েছে ২ হাজার ছয়শ কোটি টাকা।
ব্যাংকিং খাতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির মূল কারিগর হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে দুদক। ২৭ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ১১টি মামলা।
প্রধান বিরোধীদল বিএনপিসহ ক্ষমতাসীন জোটের অনেক নেতাও এই কেলেঙ্কারি নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন। সমালোচনা হয়েছে রাজনৈতিক বিবেচনায় ব্যাংক পরিচালক নিয়োগ দেয়া নিয়েও।
হলমার্ককাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই বছর শেষে সোনালী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া সোনালী ব্যাংকে আটজনসহ রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক এবং চার বিশেষায়িত ব্যাংকে মোট ৩৪ জন পরিচালক নিয়োগ পেয়েছেন, যাদের অধিকাংশই পর্ষদে এসেছেন রাজনৈতিক বিবেচনায়।
‘ঝুলন্ত’ পদ্মা সেতু
আর্থিক খাতের কেলেঙ্কারির পরও ২০১২ সালে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ‘হাতাশার’ নাম পদ্মা সেতু।
২০১১ সালের ফেব্রুয়ারিতে যখন বিশ্ব ব্যাংকসহ চার ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে উৎসবের আমেজে সরকারের অর্থায়ন চুক্তি হয়, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে দেশের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্প শেষ পর্যন্ত এতোটা অনিশ্চয়তায় ভোগাবে।
এ প্রকল্পের তদারকির কাজ কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনকে পাইয়ে দেয়া নিয়ে একজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এবং সচিবসহ একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ‘দুর্নীতির ষড়যন্ত্রের’ অভিযোগ এনে গত বছরই ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছিল বিশ্ব ব্যাংক।
এ বিষয়ে সরকারের তদন্ত মনঃপুত না হওয়ায় ২০১২ সালের ২৯ জুন ঋণ স্থগিতের ঘোষণা আসে। এরপর সরকার কয়েকটি শর্ত মেনে নিলে ২০ সেপ্টেম্বর পদ্মা প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক।
শেষ পর্যন্ত ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগে দুর্নীতি দমন কমিশন সাত জনের বিরুদ্ধে মামলা করলেও বিশ্ব ব্যাংকের প্রধান সন্দেহভাজন হিসাবে যার নাম বলা হচ্ছে, সেই আবুল হোসেনকে রাখা হয়নি আসামির তালিকায়। সেতু বিভাগের সাবেক সচিবকে গ্রেপ্তার করা হলেও এখনো নিশ্চিত হয়নি পদ্মা সেতুর অর্থায়ন। বিশ্ব ব্যাংকের ঋণ মিলবে কি না- তা জানতে অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মা সেতুর কাজ এগিয়ে নিতে মালয়শিয়ার সঙ্গেও সমঝোতায় যায়। বিশ্ব ব্যাংকের সঙ্গে টানাপড়েনের এক পর্যায়ে নিজস্ব অর্থায়নেই সেতু নির্মাণের ঘোষণা আসে খোদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পদ্মা সেতু হলে দেশের জিডিপি ১ দশমিক ২০ শতাংশ বাড়বে। তবে কীভাবে সেই প্রতিশ্রুতি পূরণ হবে তা জানতে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
ডেসটিনির ‘ফাঁদ’
চটকদার মুনাফার প্রলোভন দেখিয়ে ১০ লাখেরও বেশি গ্রাহকের কাছ থেকে ৫ হাজার কোটি টাকার বেশি জমা করার পর তাদের গভীর অনিশ্চয়তায় ফেলে দিয়েছে ডেসটিনি ২০০ লিমিটেড।
বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই অর্থের একটি বড় অংশ ডেসটিনির পরিচালকদের পকেটে গেছে। এই অভিযোগে ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় করা মামলায় কারাগারে গেছেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ শীর্ষ কর্মকর্তারা। গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনা প্রধান হারুন-অর-রশিদ গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে আছেন।
ডেসটিনির এমএলএম ব্যবসা নিয়ে বহু আগে থেকেই সন্দেহ আর অভিযোগ থাকলেও এই প্রথমবারের মতো আইনের আওতায় এলো প্রতিষ্ঠানটির অনিয়ম। তবে ডেসটিনির মতো কোম্পানিগুলোর হাতে সর্বস্ব তুলে দেয়া লাখ লাখ গ্রাহকের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটবে- সে ফয়সালা এখনো হয়নি।
হতাশায় ‘ম্রিয়মাণ’ শেয়ার বাজার
আগের বছরের মতো ২০১২ সালও গলার কাঁটা হয়ে ছিল শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য। লোকসানের চাপে চ্যাপ্টা হয়ে এ বছর বাজার ছেড়ে চলে গেছেন ৩ লাখ ৪৩ হাজার ৬১৮জন।
বিও অ্যাকাউন্টের সংখ্যা কমে আসার মধ্যেই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে ১৪টি কোম্পানি। বছর শুরুর ৬শ’ কোটির গড় লেনদেন মার্চে হাজার কোটিতে উন্নীত হয়ে আবার তা নেমে এসেছে তিনশ কোটির নিচে। এক বছরে ডিএসইর বাজার মূলধন কমেছে ২৮ হাজার কোটি টাকা।
এই হতাশা কাটিয়ে পুঁজিবাজারকে স্থিতিশীল করতে ক্যাপিটাল মার্কেট মাস্টার প্ল্যান অনুমোদন করেছে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির ক্ষমতা বাড়িয়ে আইন সংশোধনের প্রস্তাবও মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। পাশাপাশি কমিশনার ও চেয়ারম্যানের দায়বদ্ধতা নিশ্চিত করারও চেষ্টা থাকছে প্রস্তাবিত আইনে।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য প্যাকেজ বাস্তবায়ন শুরু হয়েছে ইতোমধ্যে। ১৭ ডিসেম্বর থেকে নিজস্ব সার্ভিলেন্স সফটওয়্যার চালু করেছে এসইসি। উদ্যোগ নেয়া হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক পরিবর্তনেরও।
এসব উদ্যোগ বিনিয়োগকারীদের আবার বাজারে ফেরাতে পারবে কি না- তার উত্তর মিলবে ১ জানুয়ারি শুরু হতে যাওয়া নতুন বছরে।
পোশাক শিল্পে শোকের বছর
দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে যে খাত থেকে, সেই তৈরি পোকাশ শিল্পের জন্য ২০১২ সার চিহ্নিত হয়ে থাকবে শোকের বছর হিসাবে। ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিমেডে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনা শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার কাজের পরিবেশ নিয়ে পুরনো অভিযোগগুলোই আবার সামনে নিয়ে এসেছে।
তাজরীনের ঘটনায় এখনো আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হচ্ছে বাংলাদেশ ও তৈরি পোশাক খাত। ওয়ালমার্টের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে সস্তায় পোশাক বানিয়ে নিলেও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তাদের ‘গাফিলতির’ কথা এসব প্রতিবেদনে উঠে আসছে।
যা কিছু জাগিয়ে রেখেছে আশা
কিছু হতাশাজনক ঘটনা বাদ দিলে ২০১২ সাল বাংলাদেশের অর্থনীতির জন্য মন্দ কাটেনি একেবারে। বিনিয়োগ ছাড়া অর্থনীতির প্রধান সূচকগুলো ছিল ইতিবাচক। বছর শেষে এসে বিদেশি মুদ্রার রিজার্ভ পৌঁছে গেছে প্রায় ১৩ বিলিয়ন ডলারে।
বিদায়ী বছরে রপ্তানি আয় বেড়েছে ৫ শতাংশের বেশি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের নানামুখী তৎপরতায় আমদানি ব্যয় কমেছে প্রায় ৭ শতাংশ। ফলে নেতিবাচক অবস্থা থেকে বহুদিন পর চলতি হিসেবে উদ্বৃত্ত অবস্থায় রয়েছে বাংলাদেশের অর্থনীতি।
নভেম্বর শেষে গড় বার্ষিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশে। ডলারের বিপরীতে শক্তিশালী হতে শুরু করেছে টাকা। ৮০ টাকার নিচে নেমে এসেছে ডলারের বিনিময় হার, এক বছর আগে যা প্রায় ৮৫ টাকা ছিল।
চলতি অর্থবছরে ১৪ হাজার ১৩০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার মধ্যে নভেম্বর পর্যন্ত বিতরণ করা হয়েছে ৪ হাজার ৫৬২ কোটি টাকা। সেপ্টেম্বর পর্যন্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রায় ৫০ হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। রাজস্ব আয় বেড়েছে ২৫ শতাংশ। ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়ার প্রবণতাও কমে এসেছে।
ঘাটতি বাজেটের দেশে বাজেট উদ্বৃত্ত থাকাটা কতোটা স্বস্তির হতে পারে, তা অর্থমন্ত্রীর নির্ভার হাসিমুখ দেখলেই বোঝা যায়। পদ্মা সেতুর ঋণ নিয়ে দোলাচলের মধ্যেই আবুল মাল আবদুল মুহিতের হাতে মেট্রো রেলের জন্য জাপান সরকারের ২ দশমিক ১ বিলিয়ন ডলারের ঋণের সম্মতিপত্র বছর শেষে আশা জাগানিয়া খবর বটে।
