২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেওয়াটখালী সেতু নির্মাণে ২৬ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি

ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্টিলের সেতু নির্মাণে ২৬ কোটি ডলারের ঋণ দিচ্ছে চীনভিত্তিক এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 10:11 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

সোমবার ভার্চুয়াল মাধ্যমে এ বিষয়ে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এআইআইবি ভাইস প্রেসিডেন্ট ডি জে পান্ডিয়ান।

কেওয়াটখালীতে ৩২০ মিটার দৈর্ঘ্যের ও চার লেনের সেতু নির্মাণে এ প্রকল্প বাস্তবায়ন করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

চুক্তির বিষয়ে ইআরডির উপ সচিব কাওসার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ইআরডি সচিব তার কার্যালয়ে এবং ডি জে পান্ডিয়া বেইজিংয়ে এআইআইবির প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুক্তিতে অংশ নেন।

এক বিজ্ঞপ্তিতে ইআরডি জানায়, বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ প্রায় ২ হাজার ২৩৬ কোটি টাকা।

ছয় মাসের লন্ডন আন্ত: ব্যাংক সুদহারের (লাইবর) সঙ্গে ১ দশমিক ৫০ শতাংশ সুদ ও শূন্য দশমিক ২৫ শতাংশ কমিটমেন্ট ফি দিয়ে পাঁচ বছরের রেয়াতকালসহ সাড়ে ৩৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

বর্তমান লাইবর রেট অনুযায়ী এ ঋণের জন্য প্রায় আড়াই শতাংশ সুদ পরিশোধ করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রহ্মপুত্র নদের উপর বিদ্যমান শম্ভূগঞ্জ সেতুটি বর্তমানে ওই অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম মাধ্যম। সেতুটি ব্যবহার করে প্রতিবছর ভারত থেকে আমদানি করা পাথর ও কয়লা দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হয়।

কিন্তু প্রচুর যানবাহন চলাচল করায় সেতুতে ব্যাপক চাপ সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৩২০ মিটার দৈর্ঘ্যের চার লেনের কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্প হাতে নেয়। এবার প্রকল্পটি বাস্তবায়নের জন্য এআইআইবির সঙ্গে চূড়ান্ত ঋণ চুক্তি হলো।

আগামী ২০২৫ সালের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।