‘স্কুল মিল প্রকল্প’ ফেরত পাঠাল একনেক
স্কুলশিশুদের পুষ্টির জোগান বাড়ানোর লক্ষ্যে রান্না করা খিচুড়ি খাওয়ানোর যে প্রকল্পটি নেওয়া হয়েছিল, তা অনুমোদন পায়নি একনেকে।
‘প্রাইমারি স্কুল মিল’ প্রকল্পটি বাতিল হয়নি জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে আনতে বলা হয়েছে।
বিস্তর সমালোচনার পর কর্মকর্তাদের বিদেশ সফরের পরিকল্পনা বাদ রেখে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নেওয়া ‘প্রাইমারি স্কুল মিল’ প্রকল্পটি মঙ্গলবার একনেক সভায় তোলা হয়েছিল।
সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী মান্নান এই প্রকল্পটি ফেরত দেওয়া হয়েছে বলে জানান।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের স্কুলে খাবার দেওয়ার বিষয়টি সমর্থন করলেও প্রকল্পটির বাস্তবায়নের ধরন নিয়ে প্রশ্ন থাকায় এটি বৈঠকে অনুমোদন পায়নি।
মান্নান বলেন, “প্রকল্পটির বাস্তবায়ন কাঠামো নিয়ে উনার (প্রধানমন্ত্রী) আপত্তি রয়েছে। প্রকল্পটি ফেরত দেওয়ার সময় তিনি সংশ্লিষ্টদের বলেছেন, তোমরা আরও পর্যালোচনা কর, রিস্ট্রাকচার কর।”
প্রকল্পটি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে এক পর্যায়ে পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মোসাম্মত নাসিমা বেগমকে অনুরোধ করেন।
তিনি বলেন, “আসলে প্রধানমন্ত্রী মনে করেন স্কুলে রান্না করে খিচুড়ি খাওয়ানো হলে অনেক লোকের এঙ্গেইজমেন্টের দরকার হবে। এতে শিশুদের পড়া লেখার ক্ষতির আশঙ্কা করেছেন তিনি।”
এছাড়া প্রতিদিন একই খাবার দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রধানমন্ত্রীর প্রশ্ন রয়েছে।
নাসিমা বলেন, “প্রধানমন্ত্রী চান স্কুলের বাচ্চাদের প্রতিদিন একই খাবার না দিয়ে একদিন বিস্কুট দেওয়া, একদিন কলা দেওয়া, দুধ দেওয়া … এভাবে করা তার ইচ্ছা।”
পরিকল্পনামন্ত্রী আবার বলেন, “এই প্রকল্পটি কারা করবে, এনজিও না সরকার, কীভাবে করা হবে, এসব বিষয়গুলো রিভিজিট করা হবে।”
প্রকল্পটির পূর্ণাঙ্গ প্রস্তাব চূড়ান্ত করার সময় গত সেপ্টেম্বরে পিইসি সভায় পরিকল্পনা কমিশনের আপত্তির মুখে প্রস্তাব থেকে ব্যয়ের পরিমাণ এক হাজার ৬৭১ কোটি টাকা কমিয়ে ১৭ হাজার ২৯০ কোটি টাকা করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ প্রকল্পের আওতায় দেশের ৪৯২টি উপজেলা ও সিটি কর্পোরেশন ও পৌরসভার ২১টি শিক্ষা থানার শিক্ষার্থীদের দুপুরে স্কুলে গরম খাবার দেওয়ার লক্ষ্য রয়েছে।
একনেক সভায় এম এ মান্নানসহ মন্ত্রীরা; ভার্চুয়ালি যোগ দিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি
দরিদ্র নারীদের কর্মসংস্থানে প্রকল্প পাস
দেশের গ্রামীণ এলাকার দরিদ্র ও অসহায় নারী ও কিশোরীদের আয় বাড়ানোর মাধ্যমে জীবন মান উন্নয়নে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্প একনেকে পাস হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ৩৪৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ২০২৫ সালের মধ্যে প্রকল্পটি দেশের ১৭টি জেলার ৫৯ উপজেলার ৪৭২টি ইউনিয়নে বাস্তবায়ন করবে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, “দেশের দারিদ্র্যপ্রবণ পল্লী অঞ্চলের অসহায় সুবিধা-বঞ্চিত ও বেকার মহিলাদের দারিদ্র্য হ্রাস করা এ্ই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।”
প্রকল্পের আওতাভুক্ত নারীদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিয়ে ২০২৫ সালের মধ্যে তাদের মাথাপিছু বার্ষিক গড় আয় ১০ হাজার টাকায় উন্নীত করার লক্ষ্য ঠিক হয়েছে। এছাড়া স্কুলগামী দরিদ্র পরিবারের কিশোরীদের এ প্রকল্পে অন্তর্ভুক্ত করে মাথাপিছু ৫ হাজার টাকার গড় সঞ্চয়ের সুযোগ সৃষ্টি করাও এর লক্ষ্য।
প্রথমে এ প্রকল্পের আওতায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের ১৭টি জেলা থেকে ৪৭২টি পিছিয়ে থাকা ইউনিয়ন নির্বাচন করা হবে। এরপর ওইসব এলাকায় একটি জরিপ চালিয়ে সুবিধাভোগী নির্বাচন করা হবে।
নির্বাচিতদের সমন্বয়ে একটি করে মহিলা সমিতি গঠন করা হবে। পাশাপাশি ওইসব এলাকার দরিদ্র পরিবারের স্কুলগামী কিশোরীদের সমন্বয়ে একটি করে কিশোরী সংঘ গঠন করা হবে। এরপর ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন করে তা ব্যবহার করা হবে।
পরিকল্পনামন্ত্রী জানান, বৈঠকে ৫ হাজার ২৩৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ের মোট ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৫ হাজার ৪ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। প্রায় ২৫০ কোটি টাকা আসবে প্রকল্প সহায়তা থেকে। বাকি প্রায় ১৫ কোটি টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।
অন্য প্রকল্পগুলো
>> ‘কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প। এর ব্যয় ৬৪৩ কোটি টাকা।
>> ‘বর্ডার গার্ড বাংলাদেশ এর নবসৃজিত নারায়ণগঞ্জ (৬২ বিজিবি) ব্যাটালিয়নের অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ’ প্রকল্প। এর ব্যয় ২৩৭ কোটি ২১ লাখ টাকা।
>> ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র’ প্রকল্প। এর ব্যয় ২১৩ কোটি ৩৯ লাখ টাকা।
>> ‘বাংলাদেশ ইকোনমিক জোনস ডেভেলপমেন্ট প্রজেক্ট (১ম পর্যায়) (৩য় সংশোধিত)’ প্রকল্প। এর ব্যয় বেড়েছে ৮১ কোট ৩৮ লাখ টাকা।
>> ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্প। এর ব্যয় ৮৮ কোটি টাকা।
>> ‘লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলাধীন বড়খেরী ও লুধুয়াবাজার এবং কাদের পণ্ডিতের হাট এলাকা ভাঙন হতে রক্ষাকল্পে মেঘনা নদীর তীর সংরক্ষণ’ প্রকল্প। এর ব্যয় প্রায় ৩ হাজার ৯০ কোটি টাকা।
>> ‘মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ারড পাওয়ার প্রকল্প (পিজিসিবি অংশ: মাতারবাড়ী-মদুনাঘাট ৪০০ কেভি সঞ্চালন লাইন (১ম সংশোধিত)’ প্রকল্প। এর ব্যয় বৃদ্ধি পেয়েছে ২৩২ কোটি ২৩ লাখ টাকা।
>> ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় সংশোধিত)’ প্রকল্প। এর ব্যয় ৩০৭ কোটি ৮১ লাখ টাকা।
