১১৯ কোটি টাকায় পুলিশের জন্য আবাসিক ভবন নির্মাণে সায়
ঢাকা ও সিলেটে ১১৯ কোটি টাকায় বাংলাদেশ পুলিশের জন্য আবাসিক ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগে সায় দিয়েছে সরকার।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য আটটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের চারটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুইটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি করে প্রস্তাবনা ছিল।
অনুমোদিত প্রস্তাবগুলোতে মোট অর্থায়ন হবে পাঁচ হাজার ৬৬৪ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে জিওবি থেকে ২২৪ কোটি ২৭ লাখ এবং ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) ও দেশীয় ব্যাংক থেকে ঋণের পরিমাণ পাঁচ হাজার ৪৪০ কোটি ৪০ লাখ টাকা।
১১৯ কোটি টাকায় পুলিশের জন্য আবাসিক ভবন
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল জানান, ‘বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ প্রকল্পের একটি লটের আওতায় সিলেট জেলা পুলিশ লাইন্স এলাকায় ৫৫ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৭০ টাকায় একটি আবাসিক ভবন নির্মাণে পদ্মা অ্যাসোসিয়েট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সকে ঠিকাদার নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্যাকেজের আওতায় ১৫ তলা আবাসিক ভবন, প্রতি তলায় ৬৫০ বর্গফুটের ১২টি ইউনিট, অভ্যন্তরীণ স্যানিটারি ও বৈদ্যুতিকরণ, ভূ-গর্ভস্থ জলাধার, গভীর নলকূপ, পাম্প মোটর, রাস্তা, কম্পাউন্ড ড্রেন ও পিএবিএক্স সিস্টেম নির্মাণ করা হবে।
এছাড়া ‘বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ‘ঢাকার গুলশান এলাকায় দুইটি বেইজমেন্টসহ ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্পের একটি প্যাকেজের আওতায় ৬৩ কোটি ৫০ লাখ ২৪ হাজার ৮০৬ টাকায় পূর্তকাজের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে যৌথ প্রতিষ্ঠান হোসেন কন্সট্রাকশন এবং আমানত এন্টারপ্রাইজকে অনুমোদন দেওয়া হয়।
প্যাকেজের আওতায় দুইটি বেইজমেন্টসহ ১৪ তলা ভবন, চারটি ইউনিটের প্রতিটি ২২০০ বর্গফুট এবং দুইটি ফ্লোরে দুইটি ডুপ্লেক্সসহ ৪৮টি ফ্ল্যাট, অভ্যন্তরীণ রাস্তা বা পেভমেন্ট, গেটসহ সীমানা প্রাচীর, কম্পাউন্ড ড্রেন এবং গার্ড শেড নির্মাণ করা হবে।
২৩৫ কোটি টাকায় সার কেনায় সার
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) কাফকো থেকে সপ্তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬৩ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার ৫৬২ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয় সভায়।
এছাড়া বিসিআইসিকে কাতারের মুনটাজাত থেকে চতুর্থ লটে ২৫ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৫৮ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৬৮৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
কাতারের একই প্রতিষ্ঠান পঞ্চম লটে ২৫ হাজার টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার ৫৬ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৪৩৭ টাকায় ক্রয়ের অনুমোদনও দেওয়া হয়েছে।
আর বিসিআইসিকে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন থেকে ২৫ হাজার টন গ্র্যানুলার ইউরিয়া সার ৫৬ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
আরেকটি প্রস্তাবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) ২০২১ পঞ্জিকাবর্ষে প্রক্রিয়াকরণের জন্য ১৩ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আবুধাবির এডিএনওসি এবং সৌদি আরবের সৌদি আরামকো থেকে পাঁচ হাজার ২০৪ কোটি ৭৪ লাখ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন বিআরটিএর আওতায় পাঁচ বছর মেয়াদে ঢাকা মেট্রো-১ অফিসে ১২ লেন বিশিষ্ট ভিআইসি (ভেহিকেল ইন্সপেকশন সেন্টার) স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি, হার্ডওয়ার ইত্যাদি সরবরাহ, স্থাপন, পরিচালনা, ব্যবস্থাপনা ও মেয়াদ শেষে হস্তান্তরের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে ১০৫ কোটি ২২ লাখ ৯৪ হাজার ৫৩৬ টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
