২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরিবান্ধব বাজেট চান পররাষ্ট্রমন্ত্রী

মহামারীর এই সময়ে দেশের বিপুল সক্ষম জনগোষ্ঠীর কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে আসন্ন জাতীয় বাজেটের কর্মকৌশল নির্ধারণে জোর দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 02:06 AM

Updated : 18 Aug 2022, 03:09 PM

আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ হবে। তার আগে রোববার মতিঝিল ফেডারেশন ভবন থেকে এফবিসিসিআই আয়োজিত এক ‘ওয়েবিনারে’ অংশ নিয়ে এই মতামত দেন তিনি।

চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক টেকসইতা পুনঃরুদ্ধার, অভ্যন্তরীণ বিনিয়োগ, এফডিআই এবং ওএফডিআই বিষয়ে অনুষ্ঠানের আলোচকরা কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,  “এতদিন ছিল গরিববান্ধব বাজেট, কৃষিবান্ধব বাজেট, ব্যবসাবান্ধব বাজেট, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য-শিক্ষা বান্ধব বাজেট। এবার আমাদের বাজেটটা যাতে চাকরিবান্ধব বাজেট হয়।”

কোভিড-১৯ মহামারীর কারণে দেশের চাকরির বাজার বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় চাকরি বা কর্মসংস্থানকে অগ্রাধিকার উপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “মহামারীর কারণে আমরা কোনো খাদ্য সঙ্কট কিংবা মানবিক বিপর্যয় দেখতে চাইনা। আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমনটাই চিন্তা করছেন।

“আমাদের দুটি বিশেষ সম্‌পদ রয়েছে। একটি হচ্ছে পানি আরেকটি হচ্ছে জনশক্তি, এই দুটি সম্পদকে আমাদের কাজে লাগাতে হবে। জনশক্তির অধিকাংশই খুব তরুণ এবং তারা অনেক বেশি সক্ষমতা সম্পন্ন। তাদের জন্য আমাদেরকে দেশের ভেতরে এবং বাইরে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।”

বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ২৩ লাখ বাংলাদেশি কর্মরত ছিলেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মহামারীর কারণে তাদের অনেকেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। তাদের জন্য কয়েক লাখ কর্মসংস্থান এই বছরের মধ্যেই সৃষ্টি করতে হবে।”

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।

বিশ্ব ব্যাংকের আবাসিক পরিচালক মারসি মিয়াং টেম্বন, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, আবদুল মাতলুব আহমাদ, শফিউল ইসলাম মহিউদ্দিন, বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, এনবিআর সদস্য ফরিদ উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, সালেহ উদ্দিন আহমেদ, এডিবির আবাসিক পরিচালক মনমোহন পারকাশ, আইএমএফের অরথনীতিদবিদ মুহাম্মদ ইমাম হুসাইন, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো বক্তব্য রাখেন।

সালমান রহমান বলেন, এই মুহূর্তে যে কোনো উন্নয়ন চিন্তার মধ্যে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিতে হবে। “প্রধানমন্ত্রী কোভিড-১৯ মোকাবেলা করতে গিয়ে কয়েক হাজার জনবল নিয়োগ করে স্বাস্থ্যখাতের সক্ষমতা বাড়াতে চেষ্টা করছেন। জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতির জন্য দেশীয় শিল্পখাত (ডমিস্টিক ইন্ডাস্ট্রিজ) কতগুরুত্বপূর্ণ এই মহামারীর মাধ্যমে সেটা পরিষ্কার হয়েছে। আমি নিশ্চিত আগামী বাজেটে কেবল রপ্তানিমুখী শিল্পের জন্য নয়, দেশীয় শিল্পগুলোর সুরক্ষায়ও অনেক কিছু থাকবে।”

টিপু মুনশি বলেন, “অতীতে বাংলাদেশের পোশাক খাত যতবার বিভিন্ন সমস্যায় পড়েছে, বার বার ঘুরে দাঁড়িয়েছে দ্বিগুণ শক্তি নিয়ে। এবারও আমাদেরকে সমস্যা মোকাবেলায় প্রোএকটিভ হতে হবে।”

সম্প্রতি চীন থেকে সরে যাওয়া বিদেশি বিনিয়োগ পেতে ইন্দোনেশিয়া ও ভারত অনেকাংশে সফল হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে কিভাবে এই বিনিয়োগের কিছু অংশ নিয়ে আসা যায় সেজন্য কাজ চলছে।”

ব্যবসায়ী মাতলুব আহমাদ বলেন, “আমি মনে করি দেশীয় শিল্পকে শক্তিশালী করলে দেশের স্থিতিশীলতা সব সময়  নিশ্চিত হবে।

 “যে কোনোভাবেই হোক, এই শিল্পকে বিশেষ সাপোর্ট করতে হবে। সেটা কাঁচামালের ওপর ট্যাক্স মওকুফ করে হোক কিংবা ইউডি সুবিধা হোক কিংবা বিশেষ সহায়তা দিয়ে নতুন দেশীয় শিল্প তৈরি করা হোক। সেটা করতে হবে।”

এ কে আজাদ বলেন, “সম্প্রতি চীন থেকে কিছু ব্যবসা সরে যাচ্ছে এবং প্রতিবেশী ভারত ও ভিয়েতনামে তার কিছু কিছু শিফট হচ্ছে বলে শোনা যাচ্ছে। এসব বিনিয়োগ কিভাবে বাংলাদেশে আনা যায় বেজা ও বিডা এই বিশেষ বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে আশা রাখি।”

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে জোর দিয়ে বলেন, “এখানে উপস্থিত ব্যবসায়ী নেতা মাতলুব ভাই যশোরে একটি আটতলা বাণিজ্যিক ভবন তৈরি করতে গত এক বছর ধরে দপ্তরে দপ্তরে ঘুরছেন। এখনও তিনি কাজ শুরু করতে পারেননি বিভিন্ন দপ্তরের অনুমোদনের অভাবে। আমিও তাকে সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু কাজটি এখনও শুরু করা যায়নি।”

“একইভাবে ২০১২ সালে মতিয়া চৌধুরী কৃষিমন্ত্রী থাকা কালে কৃষিপণ্য রপ্তানির জন্য আমরা ২০ শতাংশ প্রণোদনার উদ্যোগ নিই। কিন্তু সেখানে কোনোভাবে আনারসের নাম বাদ পড়ে যায়। এই আনারসকে রপ্তানিমুখী কৃষিপণ্যের তালিকাভূক্তি করতে নয় মাস সময় লেগেছিল,” আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন কৃষিমন্ত্রী।