২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়ঃনিষ্কাশনের উন্নয়নে ১৭ কোটি ডলার দিচ্ছে এআইআইবি

ঢাকার প্রায় ১৫ লাখ মানুষের পয়ঃনিষ্কাশন সেবা উন্নয়নের জন্য বাংলাদেশকে ১৭ কোটি ডলারের ঋণ দিচ্ছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 12:16 PM

Updated : 10 Oct 2022, 07:07 PM

পুরনো খবর:

দিনে ঢাকার ‘সাড়ে ১১ লাখ ঘনমিটার’ পয়ঃবর্জ্য যাচ্ছে নদীতে
বিদ্যুৎ খাতে আরও ২০ কোটি ডলার দিচ্ছে এআইআইবি

বেইজিংভিত্তিক অর্থলগ্নি সংস্থাটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই ঋণ অনুমোদন দেওয়া হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই অর্থ বিশ্ব ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে নেওয়া ‘ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’বাস্তবায়নে ব্যয় হবে। এর মাধ্যমে নর্দমা ব্যবস্থা, পয়ঃপরিশোধন ও পাগলা এলাকায় পাইলট প্রকল্পসহ পয়ঃনিষ্কাশন অবকাঠামো উন্নয়নে সরকারি বিনিয়োগে সহায়তা দেওয়া হবে।  

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা দিতে ২০১৬ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় বহুজাতিক উন্নয়ন ব্যাংক এআইআইবি।

ব্যাংকটির এই অর্থ দিয়ে দুটি পাইপলাইন সংস্কার, নতুন একটি মাধ্যমিক ও উচ্চ পর্যায়ের নেটওয়ার্ক স্থাপন ও পয়ঃপরিশোধনাগার নির্মাণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অন্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ঢাকা ওয়াসার সক্ষমতা বাড়াতে ও স্থানীয় পরিশোধন ব্যবস্থার সম্ভাব্যতা যাচাইয়ে বিনিয়োগ।

এই প্রকল্পে অর্থায়নের মধ্য দিয়ে বাংলাদেশে ব্যাংকটির প্রতিশ্রুত অর্থের পরিমাণ ১০৬ কোটি ৮০ লাখ ডলারে উন্নীত হলো।