২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণোদনা প্যাকেজ ব্যবস্থাপনায় তদারকি কমিটি চায় সানেম

করোনাভাইরাস সঙ্কটে মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে টেনে তুলতে সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তার সুষ্ঠু ব্যবস্থাপনায় একটি তদারকি কমিটি স্থাপনের প্রস্তাব দিয়েছে সানেম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 07:31 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

গবেষণা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেছেন, “পুরো প্রক্রিয়াটিকে মনিটর করার জন্য সানেমের পক্ষ থেকে আমরা প্রস্তাব করছি একটি মনিটরিং ইউনিট স্থাপন করার।

“কারণ সরকার যদি নিজেই খরচ করে, নিজেই মনিটর করে, তাহলে এটার কোনো চেক এন্ড ব্যালেন্স থাকবে না।”

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং- সানেম বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে

এই আহ্বান জানায়।

একটি ‘জাতীয় মনিটরিং কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছে সানেম, যেখানে সরকারের প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি এনজিও, নাগরিক সমাজ, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি থাকবে।

সেলিম রায়হান বলেন, “আমি মনে করি, সামনের দিনগুলোতে এই সঙ্কটের কারণে আর্থিক যে বিশাল ধাক্কা আমরা খেতে যাচ্ছি, সেটি সামলে ওঠার দায়িত্ব শুধু সরকারের নয়।

“দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই যদি একসাথে কাজ করি সরকার, এনজিও, সিভিল সোসাইটি, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, তাহলে আমি মনে করি আমরা এই সংকট থেকে উদ্ধার পেতে পারব।”

তিনি বলেন, এর সাফল্য অনেকটাই নির্ভর করবে সরকারের প্রণোদনা প্যাকেজটির ব্যবস্থাপনার উপর।

পরিস্থিতি মোকাবেলায় অর্থ জোগানে চারটি উৎসের কথা বলেছে সানেম। এর প্রথমটি হচ্ছে, সরকারের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনা, দ্বিতীয়টি হচ্ছে, বিশ্ব ব্যাংক ও আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়া, তৃতীয়টি হচ্ছে, দেশের ব্যাংক ব্যবস্থা এবংচতুর্থটি হচ্ছে টাকা ছাপানো।

“তবে আমি মনে করি এটিকে (টাকা ছাপানো) একদমই শেষ উপায় হিসেবে রাখা দরকার,” বলেন সেলিম রায়হান।