২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন হচ্ছে পরিকল্পিতভাবে: প্রধানমন্ত্রী

সরকার সব ধরনের উন্নয়ন কাজ পরিকল্পিত উপায়ে পরিচালনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2020, 10:46 PM

Updated : 18 Aug 2022, 02:25 PM

বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টভিগ শোফার সৌজন্য সাক্ষাতে এলে তাকে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, পরিকল্পিত উপায়ে আমরা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি, আমাদের লক্ষ্য হচ্ছে গ্রামীণ জনপদের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামের মানুষ শহরের সুবিধা পাবে।”

উন্নয়নের জন্য যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুত্বের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেছেন, সড়ক ও রেলপথের পাশাপাশি নৌপথকেও গুরুত্ব দিচ্ছে সরকার। কারণ তা স্বল্প ব্যয়ের বলে মানুষ উপকৃত হবে।

বিভিন্ন দেশের সঙ্গে আন্তঃযোগাযোগ বৃদ্ধিতে বিবিআইএন এবং বিসিআইএম এর গুরুত্বের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন।

বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, এটি যেন বিভিন্ন দেশের সঙ্গে আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে একটি কেন্দ্র হিসেবে কাজ করতে পারে, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত, নেপাল, ভুটান এই বিমানবন্দর ব্যবহার করতে পারে। 

আগামী দুই বছরের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার পরিকল্পনা জানিয়ে প্রধানমন্ত্রী ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার কথাও বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সুবিধা গ্রামে পৌছে দিতে সরকার কাজ করে  যাচ্ছে।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “অতীতে আমরা প্রতিবন্ধকতা মোকাবেলা করলেও বর্তমানে সেটা আমরা কাটিয়ে উঠেছি। এখন দেশের সেনাবাহিনী থেকে শুরু করে প্রতিটা সেক্টরে নারীরা সফলভাবে কাজ করছেন। 

বিশ্ব ব্যাংকের কর্মকর্তা শোফার বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ অতি দরিদ্র অবস্থা থেকে এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশের এই অভাবনীয় সাফল্য থেকে শিক্ষা নিতে পারে।

এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ‘উইন-উইন’ পদ্ধতিতে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি।  

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব আহমদ কায়কাউস, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ(ইআরডি) সচিব মনোয়ার আহমদ এই সময় উপস্থিত ছিলেন।