২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাসময়ে আমদানি বিল শোধ না করলে কঠোর ব্যবস্থা

যে সব ব্যাংক যথাসময়ে আমদানির বিল পরিশোধ করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2020, 08:15 PM

Updated : 18 Aug 2022, 02:25 PM

বুধবার বিদেশী মুদ্রা লেনদেনকারী সব ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো এক সার্কুলারে এ ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

‘যথাসময়ে আমদানি দায় পরিশোধ’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, কোনো কোনো তফসিলী ব্যাংক আমদানি ঋণপত্রের বিপরীতে বিলের মূল্য পরিশোধে অনাকাঙ্খিত বিলম্ব করছে মর্মে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।

আমদানি মূল্য পরিশোধ না করা বা অনাকাঙ্খিত বিলম্ব করার ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং বিলম্বের জন্য সুদ পরিশোধসহ ঋণপত্রে বিদেশী ব্যাংকের কনফার্মেশন বাবদ ব্যয় বৃদ্ধি আমদানিকে ব্যয়বহুল করছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আমদানি ব্যয়ের বৃদ্ধি প্রত্যক্ষভাবে বৈদেশিক লেনদেন ভারসাম্যে অধিকতর নেতিবাচক প্রভাব সৃষ্টি করে বলে সার্কুলারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এ প্রেক্ষাপটে যথাসময়ে আমদানি দায় পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট নির্দেশনা ও বিধিবিধানসমূহ যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে সকল অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে নির্দেশনা প্রদানের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

“যথানিয়মে আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার শাখার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”