প্রবৃদ্ধির পূর্বাভাস ৮ শতাংশেই রাখছে এডিবি
চলতি অর্থবছরের জন্য সরকার মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ হারে প্রাক্কলন করলেও তা অর্জিত হবে বলে এখনও মনে করছে না এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।
সরকারি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটি যে পূর্বাভাস দিয়েছে, তাতে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশেই সীমাবদ্ধ থাকছে।
এশিয়ার অর্থনীতি নিয়ে বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আবাসিক কার্যালয়ে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ পূর্বাভাস তুলে ধরা হয়।
এর আগে এপ্রিলে প্রকাশিত এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে’ ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে বলে প্রাক্কলন করা হয়েছিল।
সেপ্টেম্বরের হালনাগাদেও তা বহাল রাখা হয়েছে। তবে গত অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮ দশমিক ১ শতাংশ ধরেছে এডিবি।
হালনাগাদ প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ তুলে এডিবিরি জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সুন চ্যান হং বলেন, বাংলাদেশের শিল্প, কৃষি ও প্রবাসী আয়ে চাঙা থাকলেও জিডিপির প্রবৃদ্ধি আট শতাংশের বেশি হবে না। তারপরও এ প্রবৃদ্ধি অর্জনে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের সুযোগ নিয়ে বাংলাদেশ রপ্তানি বাড়াতে পারে। সেজন্য বাংলাদেশকে শুধু পোশাক নির্ভর না হয়ে রপ্তানি পণ্যের বহুমূখীকরণে জোর দিতে হবে।
সরকার এবার মূল্যস্ফীতি সাড়ে ৫ শতাংশের মধ্যে আটকে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছে।তবে এডিবির হিসেবে, ভ্যাটের আওতা বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন ও গ্যাসের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৮ শতাংশে উন্নীত হতে পারে।
এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন পারকাশ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হলেও মধ্যম ও দীর্ঘ মেয়াদে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো- রপ্তানি বহুমুখীকরণ, শহর ও গ্রামের মধ্যে বৈষম্য কমানো, বেসরকারি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি, মানব সম্পদ উন্নয়ন ও ভ্যাট আইনের কার্যকর প্রয়োগ।
“বাংলাদেশকে জনমিতির সুবিধা ভোগ করার জন্য মানব সম্পদের ব্যাপক উন্নয়ন ঘটাতে হবে। দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারলে বিশেষ করে প্রবাসী আয় ব্যাপকভাবে বাড়ানো সম্ভব।
“যেমন এখন বাংলাদেশের প্রায় ১ কোটি ১০ লাখের বেশি মানুষ বিদেশ থাকে। কিন্তু গত অর্থবছরে রেমিট্যান্সে এসেছে ১৬ বিলিয়ন ডলারের কিছু বেশি। কিন্তু দক্ষ মানব সম্পদ যেমন- ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এরকম দক্ষ মানব সম্পদ বিদেশি পাঠাতে পারলে ১০০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আহরণ করা সম্ভব।”
এক প্রশ্নের উত্তরে এডিবি প্রতিনিধি বলেন, ২০২৪ সালে সরকারের দুই অংকের প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা অর্জনের জন্য চলমান ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং পদ্মা সেতুসহ বড় বড় অবকাঠামো প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে হবে।
অনুষ্ঠানে বলা হয়, চলতি অর্থবছরে প্রতিবেশী ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ২ শতাংশ। এডিবির আগের পূর্বভাসে এবছর ভারতে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছিল। পাকিস্তানের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে।
একইভাবে হালনাগাদ প্রতিবেদনে চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস ৫ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রবৃদ্ধি ২ দশমিক ৫ থেকে ২ দশমিক ৪ শতাংশ এবং সিঙ্গাপুরের প্রবৃদ্ধি ২ দশমিক ৬ থেকে ১ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে এডিবি।
