২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি কেনায় ‘কালো টাকা সাদা’ হবে না

জমি কিনে কালো টাকা সাদা করা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2019, 11:29 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক অঞ্চল, হাই টেক পার্ক এবং জমি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট কেনা, দালান নির্মাণে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল।

তবে শনিবার জমি কেনায় কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করে নিয়ে সংসদে অর্থবিল পাশ হয়েছে। অর্থাৎ অর্থনৈতিক অঞ্চল, হাই টেক পার্ক, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট কেনা এবং দালান নির্মাণে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১৩ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছিলেন তাতে কোনো প্রশ্ন ছাড়াই ১০ শতাংশ কর দিয়ে অর্থনৈতিক অঞ্চল ও হাই টেক পার্কে বিনিয়োগের ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছিলেন, অর্থনৈতিক অঞ্চল ও হাই টেক পার্কে পণ্য বা সেবা উৎপাদন থেকে অর্জিত আয়কে দশ বছরের জন্য বিভিন্ন হারে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।

“বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অর্থনৈতিক অঞ্চল ও হাই টেক পার্কে শিল্প স্থাপনে অপ্রদর্শিত আয় থেকে বিনিয়োগকৃত অর্থের উৎসের ওপর ১০ শতাংশ হারে কর দিলে ওই অর্থের উৎস সম্পর্কে আয়কর বিভাগ থেকে কোনো প্রশ্ন তোলা হবে না। এ সংক্রান্ত একটি বিধান আয়কর অধ্যাদেশে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি।”

অর্থমন্ত্রী বলেন, বিদ্যমান আইনে নির্দিষ্ট হারে কর দেওয়া হলে ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রয় এবং দালান নির্মাণে বিনিয়োগ করা অর্থের উৎস সম্পর্কেও কোনো প্রশ্ন তোলা হয় না।

“তবে এই হারটি অত্যধিক হওয়ায় করদাতারা খুব একটা সাড়া দিচ্ছেন না। ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রয় এবং দালান নির্মাণে বিনিয়োগ স্বপ্রণোদিতভাবে আয়কর নথিতে প্রদর্শনে করদাতাগণকে আরও আগ্রহী করার জন্য এ সংক্রান্ত বিদ্যমান কর হার হ্রাস করার প্রস্তাব করছি।”

করের ওই হার কমে কত হবে, তার উল্লেখ অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় না থাকলেও তিনি বলেন, “এ হ্রাসকৃত করহারের সুযোগ নিয়ে করদাতারা ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রয় এবং দালান নির্মাণে তাদের অপ্রদর্শিত বিনিয়োগ অতি দ্রুত আয়কর নথিতে প্রদর্শন করবেন এবং স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে করের আওতায় অন্তর্ভুক্ত করবেন।”

আয়কর অধ্যাদেশে কালো টাকা সাদা করার ক্ষেত্রে দুটি নিয়ম চালু আছে।  প্রথমত, নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত জরিমানা দিয়ে যে কোনো খাতের কালো টাকা বিনিয়োগ করা যায়।

দ্বিতীয়ত, সরকার বিভিন্ন সময়ে নির্দিষ্ট কিছু খাতে নির্দিষ্ট কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে থাকে।

পুরনো খবর:

অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে ‘কালো টাকা সাদা’ করার সুযোগ