২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফণীতে ক্ষয়ক্ষতির পরিমাণ ’সঠিকভাবে’ নিরূপণের দাবি

ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে ক্ষয়ক্ষতি সঠিকভাবে নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষেতমজুরদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 11:44 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ দাবি জানান।

বাসদ নেতা ও সমাজতান্ত্রিক ক্ষেত-মজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, “ঘূর্ণিঘড় ফণীর আঘাতে কৃষকদের বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। পত্রপত্রিকায় বলা হয়েছে দেড় লাখ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। অথচ কৃষিমন্ত্রী বললেন, ৬৩ লাখ হেক্টর জমির ধান না নষ্ট হয়েছে।”

কৃষকদের এই ক্ষয়ক্ষতি সঠিকভাবে নিরূপণ করতে সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, “হাওরের ফসলের বহু বাঁধ ভেঙ্গে গেছে। আবার কৃষকরা প্রতি মণ ধানের দাম ৫০০ টাকা থেকে ৫৫০ টাকার বেশি পাচ্ছে না। এক দিকে কৃষকরা ক্ষতিগ্রস্ত অন্য দিকে ক্ষেতমজুররাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

ঘূর্ণিঝড়ে কৃষকদের সঠিক ক্ষতিপূরণ নিরূপণ, কৃষকদের ঋণ মওকুফ ও পুনর্বাসন করার দাবি জানান বাসদের এ নেতা।

ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হকও কৃষকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।

তিনি বলেন, “সরকারের উচিত ছিল ফণীর তাণ্ডবের পর ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো। কিন্তু তারা তা করেনি।”

ঘূর্ণিঝড়ের আঘাতের কারণে দেশে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সাইফুল হক।

তিনি বলেন, “দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে, এর মধ্যে সরকার ব্যবসায়ীদের চাপে ১০-১২ লাখ মেট্রিক টন চাল রপ্তানি করার চেষ্টা করছে। আমরা এমন অপতৎপরতার নিন্দা জানাই।”

বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনসার আলী দুলাল বলেন, “এই দেশ কৃষক প্রধান দেশ। কৃষকদের বাদ দিয়ে উন্নয়ন হতে পারে না।”

কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই-সংগ্রামের আহ্বান জানান তিনি।

ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া না হলে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে বলে হুমকি দেন কৃষক সংগঠনগুলোর নেতারা।

কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সমন্বয়ক কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি এস এম এ সবুর, বাংলাদেশের ক্ষেতমজুর সমিতির সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন দুলাল, বাংলাদেশ কৃষক-মজুর সংহতির নেতা সাদিক রেজা, বাংলাদেশ কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান বক্তব্য দেন।