রোহিঙ্গাদের জন্য বিশ্ব ব্যাংকের আরও ১৬ কোটি ডলার অনুদান
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বিশ্ব ব্যাংক আরও ১৬ কোটি ৫০ লাখ ডলার অনুদান সহায়তা দিচ্ছে।
বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ১ হাজার ৩৮২ কোটি টাকা। অনুদান বলে বিশ্ব ব্যাংকের এই অর্থ ফেরত দিতে হবে না।
বুধবার ঢাকার শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের এই অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিপত্রে ইআরডি সচিব মনোয়ার আহমেদ এবং বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ড্যানড্যান চ্যান চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ‘জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বহুমূখী উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এ অর্থ ব্যয় করা হবে। ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ।
ইআরডি সচিব বলেন, “বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১০ লাখের বেশি। এই বিপুল সংখ্যক শরণার্থীর কারণে স্থানীয় বাসিন্দারা নানারকম সমস্যায় পড়ছে। আর্থ-সামাজিকসহ নানা খাতে সমস্যা হচ্ছে। বিশ্ব ব্যাংকসহ অন্যান্য সংস্থা রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে এসেছে।”
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি বলেন, অনেক ধরনের ঝুঁকির মধ্যেও ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশাল উদারতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, বিপুল এই রোহিঙ্গা শরণার্থীর কারণে স্থানীয় অবকাঠামো বড় ধরনের চাপে পড়েছে। এ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্প ও এর পাশের এলাকার অবকাঠামো উন্নয়ন হবে।
বিশ্ব ব্যাংক কর্মকর্তা বলেন, মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া।
অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পের দুই লাখ লোকের জন্য সুপেয় পানি সরবরাহে পাইপলাইন স্থাপন করা হবে। বৃষ্টির পানি ধরে রাখার পাশাপাশি মানসম্মত পয়নিস্কাশন লাইনের ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন কাজে ব্যবহার উপযোগী ৫৩টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে।
এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে ২০০ কিলোমিটার সড়ক নির্মাণ ছাড়াও ফুটপাথ, ড্রেন, কালভার্ট ও সেতু নির্মাণ করা হবে। রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ সড়কবাতি ও বজ্র নিরোধক ব্যবস্থা স্থাপন ও দেড় হাজার সৌরপ্যানেল স্থাপন করা হবে।
বিশ্ব ব্যাংক বলছে, প্রকল্পটি রোহিঙ্গাদের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হবে।
রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় ২০১৮ সালের জুন মাসে প্রায় ১০০ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। প্রতিশ্রুতি এ সহায়তার তৃতীয় কিস্তি এনিয়ে অনুমোদন দিয়েছে সংস্থাটি।
