‘জনসম্পৃক্ততা বাড়াতে জেলা বাজেটের বিকল্প নেই’
প্রচলিত বাজেট কাঠামোতে আমূল পরিবর্তন এবং জনসম্পৃক্ততা বাড়াতে জেলাভিত্তিক বাজেট প্রণয়নের প্রস্তাব এসেছে এক আলোচনা সভা থেকে।
চলমান ধারার বাজেট ও অর্থব্যবস্থার কারণে দেশে ধনী-গরিবের বৈষম্য বাড়ছে বলেও এই সভার আলোচকরা দাবি করেছেন।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ’শান্তি ও সমতার জন্য বাজেট’ শীর্ষক দিনব্যাপী এই বাজেট আলোচনায় ঢাকাসহ ৫০টি জেলা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার ৬০০ জন অংশ নেন।
জাতীয় পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে এই আলোচনায় অংশ নেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির প্রতিনিধি অধ্যাপক কাজী মারুফ প্রমুখ।
বাদশা বলেন, “প্রান্তিক অঞ্চলের কথা মাথায় রেখেই বাজেট প্রণয়ন করতে হবে। এর জন্য জেলা বাজেটের বিকল্প নেই।”
প্রচলিত বাজেটে প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি সামাজিক বৈষম্যও বেড়েছে মন্তব্য করে এই বাম নেতা বলেন, “শহরের সাথে গ্রামের বৈষম্য কমাতে জেলা বাজেটের বিষয়টি এবারের বাজেট আলোচনায় উত্থাপন করা হবে।”
ধনী-গরিব বৈষম্য বেড়ে যাওয়ার বিষয়টি মাথায় রেখেই আগামীর বাজেটটি প্রণয়নে জোর দেন তিনি।
মেনন বলেন, যদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না যায় তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা হুমকির মধ্যে পড়বে।
অধিকাংশ সংসদ সদস্য ব্যবসায়ী হওয়ায় বাজেট জনবান্ধব না হয়ে অনেকক্ষেত্রে ব্যবসায়ীবান্ধবও হয়ে উঠছে বলেও মন্তব্য করে ওয়ার্কার্স পার্টির সভাপতি।
সাবেক গভর্নর আতিউর রহমানের মতে, তরুণদের বাজেট সম্পর্কে অনেক বেশি সচেতন হতে হবে। তাদের মধ্য থেকে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু হলে সরকারও বাজেট প্রণয়নের ক্ষেত্রে সচেতন হবে। বিষয়টিকে আন্দোলনে রূপ দিতে হবে।
বাসদ নেতা রাজেকুজ্জামান রতন বলেন, ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক বাজেট প্রত্যাশা করা যায় না। তবে জনগণের সচেতনতা বৃদ্ধি ও শক্তিশালী আন্দোলন গড়ে তুললে গণমুখী বাজেট প্রণয়ন সম্ভব।
এই আলোচনা অনুষ্ঠানের আয়োজক ছিল জাতীয় পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত সংসদীয় ককাস, সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি ঢাকা বিশ্ববিদ্যালয়, অ্যাকশন এইড ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন।
