ব্যবসায় সূচক উন্নয়নে বেসরকারি খাতের সংযুক্তি বাড়ানোর পরামর্শ
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে বিদ্যমান নীতি-কৌশল যথেষ্ট নয় উল্লেখ করে ভবিষ্যতে বেসরকারি খাত সংশ্লিষ্টদের যুক্ত করে নতুন কৌশল নির্ধারণের পরামর্শ এসেছে এক অনুষ্ঠান থেকে।
বৃহস্পতিবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের কারিগরি পরামর্শক কমিটির (টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি) তৃতীয় সভায় এই মত দেন বিভিন্ন খাতের প্রতিনিধিরা।
গবেষক, অর্থনীতিবিদ, বেসরকারি খাত ও নাগারিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত এই কমিটি বিশ্ব ব্যাংক ও ইউকেএআইডির যৌথ সহযোগিতায় পরিচালিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডকে দেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নে পরামর্শ দিয়ে থাকে।
বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এম মাসরুর রেজা অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ ২০২০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে। তবে সেজন্য গড়ে ১১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি প্রয়োজন।
“বর্তমান নীতি-কৌশলে সে ধরনের প্রবৃদ্ধি আসবে না। সেজন্য ব্যবসা-বাণিজ্যের নীতি সহায়তা আরও আধুনিক করা এখন সময়ের দাবি। বেসরকারি খাতগুলোকে সঙ্গে নিয়ে আগামী দিনে সংস্কার প্রক্রিয়া চালানো প্রয়োজন।”
বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ‘ডুয়িং বিজনেস’ সূচকে একধাপ এগিয়ে এখন ১৭৬তম স্থানে রয়েছে। উন্নতি হলেও ব্যবসার পরিবেশে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনও সবার চেয়ে পিছিয়ে বাংলাদেশ।
বৈঠকের শুরুতেই ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের কর্মকর্তারা বিআইসিএফ এর অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সদস্যরা এর ওপর আলোচনায় অংশ নেন। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।
বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের উন্নয়নে অদক্ষ ব্যবস্খাপনা ও আমলাতান্ত্রিক জটিলতা যে একটি বড় সমস্যা, সে বিষয়টি উঠে আসে আলোচনায়। আইএফসির একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশে যে কোনো নতুন বিনিয়োগের জন্য সরকারের ২২টি মন্ত্রণালয়ে অনুমোদন নিতে হয়।
এ প্রসঙ্গ ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন,অনেক দেশে মন্ত্রীর সংখ্যাও সব মিলিয়ে ২২ জন নয়। বাংলাদেশে প্রশাসনযন্ত্রের আকারেই সমস্যা রয়ে গেছে। এই প্রশাসনযন্ত্র যেমন বেঢপ এবং তেমনি অদক্ষ।
বৈঠকে বলা হয়, নিউজি ল্যান্ডের বন্দরগুলোতে ৯৯ দশমিক ২ শতাংশ পণ্য মাত্র ৩০ মিনিটে খালাস করা হয়। আর বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস করতে গড়ে আট দিন সময় প্রয়োজন লাগে।
বাংলাদেশে বন্দরে পণ্য চালানের ছাড়পত্র পেতে কেন ২০/২২টি সই লাগবে- সেই প্রশ্ন তোলেন তৌফিক ইমরোজ খালিদী।
তিনি বলেন,বাংলাদেশে আমলাতন্ত্রেরও সংস্কার প্রয়োজন। আর রাজনৈতিক দলগুলোর উচিত আগামী নির্বাচনের ইশতেহারে এই বিষয়টি যুক্ত করা।
বৈঠকের আলোচকরা এ বিষয়ে সংবাদমাধ্যমের সহায়তা চান। বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নের জন্য সংস্কারের বিষয়গুলো রাজনৈতিক দলগুলো যাতে তাদের নির্বাচনী ইশতেহারে যুক্ত করে সে বিষয়ে চাপ সৃষ্টির পাশাপাশি সচেতনতা তৈরির জন্য গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান আসে বৈঠক থেকে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি নিহাদ কবির সংস্কার প্রক্রিয়ার ধীর গতি, বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থকে সুরক্ষ দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আমলাতন্ত্রের সংবেদনশীলতার অভাবে বিনিয়োগ পরিবেশের ক্ষতি হচ্ছে।
এ কারণে সরকারি কর্মচারীদের বুনিয়াদি প্রশিক্ষণে বেসরকরি খাত সংশ্লিষ্ট বিষয়গুলোতে বিশেষ জোর দিতে বলেন। বেসরকারি খাতের অ্যাসোসিয়েশন ও সংগঠনগুলোকে সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও বেশি সংম্পৃক্ত করার পরামর্শ দেন।
চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ তার অভিজ্ঞতা তুলে ধরে বৈঠকে বলেন, সরকারি কর্মকর্তা, এমনকি মন্ত্রীদের কাজেও আন্তরিকতার অভাব রয়েছে।
তিনি বন্দরের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ভূমির স্বল্পতার কথা তুলে ধরেন এবং স্থলবন্দরগুলোর পরিপূর্ণ আধুনিকায়নের ওপর জোর দেন।
মন্ত্রণালয়গুলোর প্রতিষ্ঠানিক সংস্কারে জোর দিয়ে পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, মন্ত্রণালয়ের দায়িত্বের ক্ষেত্রে মন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করাও এ ক্ষেত্রে জরুরি।
আলোচনার এক পর্যায়ে বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, একটি দেশের অর্থমন্ত্রী যখন পুঁজিবাজারকে ‘ফাটকা বাজার’ বলেন, তখন বেশি আর কি আশা করা যায়।
তবে টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সদস্যরা অদক্ষতা, ঔদাসীন্য, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠকগুলো ফলপ্রসূ না হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের কঠোর সমালোচনা করলেও বিডার প্রধান তাদের পক্ষেই বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার দ্রুত সম্প্রসারণের প্রশংসা করেন বিশ্ব ব্যাংক কর্মকর্তা আলি জাফর। তিনি উন্নতির আকাঙ্ক্ষা পূরণে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রকল্প বাড়ানোর ওপর জোর দেন।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে পদ্ধতিগত প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, ২০১১ সালে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কমিটি (পিএসডিপিসিসি) করার পর মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ওপর কিছুটা হলেও চাপ দেওয়া গেছে। এখন এই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং একে পরের ধাপে নিয়ে যেতে হবে।
ডিসিসিআই সভাপতি আবুল কাশেম খান বলেন, সরকারি কাজের জবাবদিহিতা নিশ্চিতের একটি পদ্ধতি দাঁড় করানো প্রয়োজন, যাতে সংস্কার কাজগুলো দ্রুততার সঙ্গে এগোতে পারে।
অনুষ্ঠানে মূল বক্তব্যে বিডার কাজী আমিন বলেন, বিডা কাজ শুরু করার আগে কোনো সরকারি কর্তৃপক্ষ ব্যবসা পরিবেশ সূচকে উন্নয়নের জন্য কাজ করেছে কি না, তা নিয়ে তার সন্দেহ আছে।
“আমাদের কাজের মধ্যে আরও বেশি সংস্কার আনা প্রয়োজন। প্রাতিষ্ঠানিক সংস্কার করা এবং সক্ষমতা বাড়াতে আরও বেশি কাজ করা প্রয়োজন। বিডা কর্মকর্তাদের মধ্যে আরও বেশি বেসরকারি খাত নির্ভর জ্ঞান থাকা প্রয়োজন।”
ভবিষ্যতে ব্যবসা নীতির সংস্কারে বেরসকারি খাতগুলোকে আরও বেশি সংযুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
