আয়কর মেলা শুরু মঙ্গলবার
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে মঙ্গলবার শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। জাতীয় নির্বাচনের আগে এবারের মেলায় থাকবে ভিন্ন আমেজ।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সেদিন সকাল ১০টায় রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবে মেলার উদ্বোধন করবেন। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহউদ্দিনসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে।
আয়কর মেলা সামনে রেখে রোববার সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বর্তমানে সারা দেশে ৩৫ লাখ মানুষের আয়কর সনাক্তকারী নম্বর (টিআইএন) রয়েছে। তাদের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করেন ২০ লাখ।
“আগামী দুই বছরে এই সংখ্যা বাড়িয়ে ৩৫ লাখ করা হবে। পাশাপাশি ই-টিআইএনধারীর সংখ্যা ৩৫ লাখ থেকে বাড়িয়ে ৫০ লাখে উন্নীত করা আমাদের টার্গেট।”
চলতি অর্থবছরে সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা গতবারের মতই আছে। যাদের বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার টাকার কম, তাদের কোনো কর দিতে হবে না।
কোনো ব্যক্তি-করদাতার প্রতিবন্ধী সন্তান বা পোষ্য থাকলে প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য তার করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা করে বাড়বে। অর্থাৎ, কোনো করদাতার একজন প্রতিবন্ধী সন্তান বা পোষ্য থাকলে তার করমুক্ত আয়সীমা হবে তিন লাখ টাকা।
আয়কর ও মুনাফার উপর কর বাবদ চলতি অর্থবছরে ১ লাখ ৭১৯ কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে এনবিআরকে। বিদায়ী সংশোধিত বাজেটে এর পরিমাণ ছিল ৭৭ হাজার ৭৩৬ কোটি টাকা।
করদাতা | করমুক্ত আয়সীমা (টাকা) |
সাধারণ করদাতা | ২ লাখ ৫০ হাজার |
নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতা | ৩ লাখ |
প্রতিবন্ধী ব্যক্তি করদাতা | ৪ লাখ |
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা | ৪ লাখ ২৫ হাজার |
কার জন্য কেমন কর
মোট আয় | কর হার |
প্রথম ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত মোট আয়ের ওপর | শূন্য |
পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর | ১০ শতাংশ |
পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর | ১৫ শতাংশ |
পরবর্তী ৬ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর | ২০ শতাংশ |
পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর | ২৫ শতাংশ |
অবশিষ্ট মোট আয়ের ওপর | ৩০ শতাংশ |
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীসহ সারাদেশে এক যোগে আয়কর মেলা হবে। এর মধ্যে ঢাকাসহ সাত বিভাগীয় শহরে মেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৩২টি উপজেলায় দুই দিন মেলা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৭২টি ‘গ্রোথ সেন্টারে’ এক দিন ভ্রাম্যমাণ মেলা হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, মেলায় করদাতা, সম্ভাব্য করদাতা ও ভবিষ্যতের করদাতাদের জন্য ই-টিআইএন রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে। আয়কর রিটার্ন ফরম পূরণে সহায়তা করা হবে।
“পাশাপাশি রিটার্ন গ্রহণ, কর পরিশোধ এবং কর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে আয়কর সম্পর্কে সাধারণ মানুষের ভীতি দূর হয়, সচেতনতা বৃদ্ধি পায়।”
২০১০ সালে আয়কর মেলা শুরুর পর প্রথমবার ৬০ হাজার ৫১২ জন করদাতা মেলায় এসে সেবা নেন। ২০১৭ সালে সেবাগ্রহীতার সংখ্যা ছিল ১১ লাখ ৬৯ হাজার ৫৬৯ জন।
কর কর্মকর্তারা আশা করছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার সেবাগ্রহীতার সংখ্যা আরও বাড়বে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আয়কর রিটার্ন জমা দিতে করমেলায় আসবেন; তাদের কর্মী-সমর্থকদের পদচারণায় মুখরিত হবে মেলা প্রাঙ্গণ।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। আয়কর মেলাও সেদিন পর্যন্ত চলবে।
মেলার সমন্বয়কারী এবং এনবিআর সদস্য (আয়কর প্রশাসন) জিয়া উদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েক বছরই ধরে নভেম্বর মাসে মেলা আয়োজন করা হচ্ছে। এবার জাতীয় নির্বাচনের আগে মেলা হচ্ছে। এ বছর মেলার স্লোগান ঠিক হয়েছে ‘উন্নয়ন ও উত্তরণ : আয়করের অর্জন’।
অন্যদের মধ্যে এনবিআর সদস্য কানন কুমার রায়, রওশনারা আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
