চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান আইডিইবির
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের স্বাচ্ছ্যন্দের বিষয়টি সামনে রেখে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।
মঙ্গলবার আইডিইবির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান এ আহ্বান জানান।
এ সংবাদ সম্মেলন থেকে আগামী বৃহস্পতিবার আইডিইবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি।
লিখিত বক্তব্যে শামসুর রহমান বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবে পরিবর্তন হবে খুব দ্রুত। কেউ কোনো উদ্ভাবন নিয়ে দ্বিধায় থাকলে তার স্থান অন্য কেউ দখল করে নেবে। অধিকাংশ উদ্ভাবনী ব্যবসার ব্যাপারে ‘এখনই’ অথবা ‘কখনই না’ ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। উদ্ভাবন গাণিতিক নয়, জ্যামিতিক হারে বাড়বে। তৃতীয় শিল্প বিপ্লবের ওপর ভিত্তি করে গড়ে উঠা চতুর্থ শিল্প বিপ্লব অর্থনীতি, সমাজ, ব্যবসা ও ব্যক্তিজীবনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে।”
বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, বিদ্যুতের ব্যবহার এবং ট্রানজিস্টার আবিষ্কার ব্যাপক শিল্পায়ন সৃষ্টির মাধ্যমে মানবসভ্যতার গতিপথ বদলে দিয়েছিল বলে ওই তিন ঘটনাকে তিনটি শিল্পবিপ্লব হিসেবে চিহ্নিত করা হয়।
এখন বলা হচ্ছে, ডিজিটাল প্রযুক্তির নিত্যনতুন উদ্ভাবনের পথ ধরে আসছে চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে বহু প্রযুক্তির এক ফিউশনে ভৌতজগৎ, ডিজিটালজগৎ আর জীবজগত পরস্পরের মধ্যে লীন হয়ে যাচ্ছে।
এ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিপ্লোমা প্রকৌশলীদের পক্ষ থেকে ১২টি সুপারিশ উপস্থাপন করা হয় সংবাদ সম্মেলনে।
এর মধ্যে শিক্ষা ব্যবস্থায় জ্ঞান ও দক্ষতা ভিত্তিক পাঠ্যক্রম প্রবর্তন, প্রাথমিক শিক্ষাস্তরে ন্যূনতম একটি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষাস্তরে তিনটি কারিগরি বিষয়ের অন্তর্ভুক্তি, পর্যায়ক্রমে শিক্ষাকে কারিগরি পাঠ্যক্রমমুখী করা, সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে জ্ঞান ও দক্ষতার ভিত্তিতে পুনর্গঠনসহ বিশ্বমানের শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ করা, দেশে আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার সুপারিশ রয়েছে।
আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, সহ-সভাপতি একেএম আবদুল মোতালেব, যুগ্ম-সম্পাদক মো. ফজলুর রহমান খান, মো.আব্দুন নুমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো.ইদরীস আলী, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন এবং প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
