২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পাইপে আসবে উড়োজাহাজের জ্বালানি

ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে শীতলক্ষ্যার তীর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি (জেট এ-১) আনতে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2018, 06:11 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

এজন্য শীতলক্ষ্যা নদীর পিতলগঞ্জ এলাকা থেকে রাজধানীর কুর্মিটোলা এভিয়েশন ডিপো পর্যন্ত ১৬ কিলোমিটারে বসবে আট ইঞ্চি ব্যসের পাইপ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এই প্রকল্পের ভিত্তিস্থাপন করবেন বলে জানিয়েছেন জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বিদ্যুৎ ভবনে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (পেট্রোবাংলা) এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে নৌবাহিনীর বাণিজ্যিক প্রতিষ্ঠান নৌ-কল্যাণ ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিমিটেড ও চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন করপোরেশন।

আগামী দেড় বছরের মধ্যে প্রকল্পটি চালুর আশা করছে পেট্রোবাংলা।

পেট্রোলিয়াম করপোরেশন আমদানি করা ‘জেট এ-১’ জ্বালানি চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির প্রধান স্থাপনা থেকে নদীপথে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে নিয়ে আসে। সেখান থেকে প্রতিদিন দেড়শ লরির মাধ্যমে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় এক হাজার টন জ্বালানি নিয়ে আসা হয় কুর্মিটোলার এভিয়েশন ডিপোতে।

সংবাদ সম্মেলনে জ্বালানি সচিব বলেন, প্রকল্পের আওতায় শীতলক্ষ্যার তীরে একটি জেটি নির্মাণ করা হবে। ছয় একর জমিতে পাম্পিং সুবিধাসহ তিনটি স্টোরেজ ট্যাংক নির্মাণ করা হবে, যেগুলোর ধারণক্ষমতা হবে নয় হাজার টন। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২৮ কোটি ৪৯ লাখ টাকা, যা পেট্রোবাংলা নিজস্ব তহবিল থেকে দেবে।

“জেট ফুয়েল খুবই সেনসেটিভ একটি দাহ্য পদার্থ। বার বার এর স্থান পরিবর্তনের ফলে এর মান খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নতুন প্রকল্প চালু হলে এসব ঝুঁকি কমে যাবে,” বলেন সচিব আবু হেনা।

তিনি জানান, চট্টগ্রামের মূল ডিপো থেকে তেলবাহী নৌযান ল সরাসরি শীতলক্ষ্যা নদীসংলগ্ন পিতলগঞ্জ এলাকায় ৩০০ ফুট সড়কের পূর্ব দিকে কাঞ্চন সেতুর কাছে চলে আসবে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি চলে যাবে কুর্মিটোলা ডিপোতে।

এর আগে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহে আরেকটি প্রকল্পে সায় দিয়েছে মন্ত্রিসভা।

পুরনো খবর:

চট্টগ্রাম থেকে পাইপলাইনে তেল আসবে ঢাকায়