উন্নয়নের ধারা থাকবে পরের সরকারেও, আশা মুহিতের
দেশের অর্থনীতির উন্নয়ন ও দারিদ্র্য নির্মূলে বর্তমান সরকারের কাজের ধারা পরবর্তী সরকারও অব্যাহত রাখবে বলে আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার নটরডেম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন: অর্জন ও সম্ভবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য অর্থমন্ত্রী এ কথা বলেন।
গত ১০ বছর ধরে দারিদ্র্য নির্মূলে কাজ করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমি গত ১০ বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে এক চতুর্থাংশ দরিদ্র রয়েছে, এখনো সাড়ে তিন কোটি দরিদ্র রয়েছে।
“আমাদের নীতিমালা ছিল দারিদ্র্য থেকে উঠিয়ে নিয়ে আসা। দেশে বর্তমানে প্রতিবছর ২০ লাখ লোকের কর্মসংস্থান দরকার হয়। এর মধ্যে ৫ লাখ মানুষ কর্মসংস্থানে দেশের বাইরে চলে যায়, তবে গত বছর প্রায় ১০ লাখ দেশের বাইরে গেছে।”
বর্তমান সরকার কর্মসংস্থান তৈরিতে জোর দিয়েছে জানিয়ে মুহিত বলেন, “কৃষি ও শিল্পের সম্প্রসারণ এবং পণ্যের বহুমুখীকরণ নিয়ে কাজ করা হয়েছে। আামদের টার্গেট অনুযায়ী প্রতিবছর দুই শতাংশ দারিদ্র্য বিমোচন করার চেষ্টা করা হয়েছে। গত ১০ বছরে দেশ যেভাবে এগিয়ে গেছে আগামী সরকার এ ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করি।”
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২০২৪ সালের মধ্যে দেশকে উৎপাদন ও রপ্তানিসহায়ক অর্থনীতির দিকে নিয়ে যেতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আজিজুর রহমান।
