পিছিয়ে থাকা এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় প্রণোদনার সুপারিশ
সুষম উন্নয়নের স্বার্থে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশিমাঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ এসেছে এক আলোচনা অনুষ্ঠান থেকে।
মঙ্গলবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় এই সুপারিশ করেন
অর্থনীতি বিশ্লেষক মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, অবকাঠামোগত সুবিধার কারণেই চট্টগ্রাম ও রাজধানী ঢাকার আশপাশে অধিকাংশ শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে। বাদ পড়ে যাচ্ছে অপেক্ষাকৃত কম সুযোগ সুবিধার আওতায় থাকা উত্তরাঞ্চল।
“পিছিয়ে পড়া এলাকায় প্রয়োজনে বিশেষ প্রণোদনা দিয়ে অর্থনৈতিক প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”
সুষম অর্থনৈতিক উন্নয়নে চীনকে অনুসরণের পরামর্শ দিয়ে তিনি বলেন, “দেশটি প্রথমে শেনঝেন কিংবা এধরনের উপকূলবর্তী এলাকায় শিল্প কারখানা স্থাপন শুরু করে। পরে তারা ধীরে ধীরে মধ্যাঞ্চল বা মূল ভূখণ্ডের দিকে অর্থনৈতিক কার্যক্রম এগিয়ে নিতে থাকে।”
চীন সফল হলেও গত দুই দশকে ভারতসহ অনেক দেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেও ব্যর্থ হয়েছে উল্লেখ করে তা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন তিনি।
“বিশ্বে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে লাভবান হয়েছে খুব কম দেশ। বাংলাদেশের জন্য এটা একটা বিশেষ সুবিধা, যারা ব্যর্থ হয়েছে, তাদের ব্যর্থতার কারণগুলোকে খুঁজে বের করে কাজে লাগানো যাবে।”
সরকার ইতোমধ্যে একশটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে তাতে বিনিয়োগ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
সুষম অর্থনৈতিক অঞ্চলের সুবিধা তুলে ধরে রাজ্জাক বলেন, যেসব অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল তুলনামূলক কম ওই সব এলাকার শ্রমিকদের মধ্যে বেকারত্ব বেশি। তাই অপেক্ষাকৃত কম মজুরিতেও সেখানে শ্রমিক পাওয়া যাবে।
“আর কম মজুরি পেয়ে শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ তারা নিজ এলাকা থেকে সুদূর ঢাকা চট্টগ্রামে পাড়ি জমিয়ে যা আয় করেন, তা থাকা খাওয়াতেই খরচ হয়ে যায়। এলাকায় বসে কম আয় করলেও কিছু সঞ্চয় তাদের থাকে।”
বর্তমানে যেসব ইপিজেড রয়েছে, সেখানে অবকাঠামো ফাঁকা থাকা সাপেক্ষে দেশীয় বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেন তিনি।
“এই বিষয়টি এখন ভেবে দেখার সময় এসেছে। এসব অঞ্চল ফেলে রাখা আবার নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা সাংঘর্ষিক কাজ।
ইউকেএইড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বাজেট অ্যান্ড পলিসি এবং এশিয়া ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে। বেজার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বেজার নির্বাহী সদস্য মো. এমদাদুল হক বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ যখন শুরু করা হয়েছিল, তখন কোনো এলাকাতেই কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। শুরুর দিকে কাজগুলো অনেক কঠিন ছিল। এখন সরকারি-বেসরকারি মিলিয় মোট ৯৯টি অর্থনৈতিক অঞ্চল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৯টি রয়েছে বেসরকারি অঞ্চল।
ভবিষ্যতে বেজার উদ্যোগগুলোকে কার্যকর করতে বেসরকারি খাত, গবেষণা সংস্থা ও অন্যান্য মহলের পরামর্শ কাজে লাগানো হবে বলেও জানান এমদাদ।
এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা এল টেইলর অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।
