২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাবিশ’ মিয়ানমারকে বিশ্বাস করার কারণ নেই: মুহিত

নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার চুক্তি করলেও সন্দেহ ঘুচছে না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 07:15 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

পুরনো খবর:

রোহিঙ্গাদের জন্য ৪৮ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক

তিনি বলেছেন, “বার্মিজ লিডাররা আবোল-তাবোল কথাবার্তা বলে, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেখতে হবে… এগুলা রাবিশ। তাদের উপর বিশ্বাস করার কারণ নেই যে তারা ফেরত নেবে।”

সফররত বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনার পর রোববার নিজের দপ্তরে সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী।

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ক্ষেত্রে বিশ্ব ব্যাংক কোনো প্রভাব বিস্তার করবে কি না- এ প্রশ্নে তিনি বলেন, “মিয়ানমারে বিশ্ব ব্যাংক প্রজেক্ট এবং অর্থায়ন বন্ধ রেখেছে, শুধু রিলিফগুলো চালু আছে। ” 

১১ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি করেছে, তা থেকে বেরিয়ে আসতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন তিনি।

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফরের সময়ই একই কারণে বাংলাদেশ সফরে এসেছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট কিম।

Image
বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে নিজের দপ্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে নিজের দপ্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

মিয়ানমারের রাখাইনে দমন-পীড়নের মুখে গত কয়েক দশকে চার লাখের মতো মুসলিম রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে ছিল। গত বছর অগাস্টে সেনাঅভিযান শুরুর পর বাংলাদেশে ঢোকে আরও সাত লাখ রোহিঙ্গা।

রোহিঙ্গা সঙ্কটকে এশিয়ার এ অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সমস্যা হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার এই দফায় আসা রোহিঙ্গাদের ফেরত নিতে গত ডিসেম্বর মাসে চুক্তি করলেও তাতে অগ্রগতি নেই। রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হতে তথ্যপ্রমাণ চাইছে মিয়ানমার। তবে প্রাণ নিয়ে পালিয়ে আসা এই রোহিঙ্গাদের কাছে নিজেদের প্রমাণ করার মতো কিছু না থাকাটা স্বাভাবিক বলে জাতিসংঘ কর্মকর্তারাই বলে আসছিলেন।      

রোহিঙ্গা সঙ্কটের কারণে সৃষ্ট চাপের কথা বলতে গিয়ে মুহিত বলেন, “এত বার্মিজদের আমরা রাখতে পারব না। টেম্পোরারি শেল্টার খুব এক্সপেনসিভ। এক বছরের পালন বিশ্ব সহায়তায় হয়েছে। বাজেটে ৪০০ কোটি টাকা রেখেছি। ৪৮০ মিলিয়ন ডলার বিশ্ব ব্যাংক দিয়েছে, এডিবিরও গ্রান্ট হবে মে বি।”

বিশ্ব ব্যাংক আগামী দুই বছরে ধাপে ধাপে ৪৮০ মিলিয়ন বা ৪৮ কোটি ডলার দেবে, যা নিয়ে সংস্থাটির সঙ্গে চুক্তি সই হবে বলে জানান তিনি।

তাহলে কি রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থান দীর্ঘমেয়াদি হচ্ছে- সাংবাদিকদের এপ্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “পূর্ব অভিজ্ঞতায় এখন দেখছি এক বছরে হাজারের মতো যেতে পারে। আন্তর্জাতিক চাপে হয়ত কিছু নিয়ে যেতে পারে।”

জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সফর মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

জাতিসংঘের একটি বিশেষ বাহিনী দিয়ে তদারকির ব্যবস্থা করে মিয়ানমারে ‘সেইফ জোন’ তৈরি করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন মুহিত।

তিনি বলেন, “তাদেরকে (রোহিঙ্গা) মিয়ানমারে যেতে হবে, তবে তাদের যেতে হবে নিরাপদে ও ভবিষ্যত নিশ্চয়তা নিয়ে। তাদের জন্য সেইফ জোন রাখাইনে সৃষ্টি করতে হবে এবং এ উপকরণ একমাত্র বিশ্ব কমিউনিটি করতে পারে।

“যেখানে বার্মিজ গ্যারান্টি দেবে এবং আন্তর্জাতিকভাবে তা দেখতে হবে এবং ইউএন-এর ইমারজেন্সি বাহিনী পাঠাতে হবে। তাছাড়া এদের কাছে ভাল ব্যবহারের আশা করা যায় না।”