২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উন্নয়নের আফিমে বুঁদ রাখা হচ্ছে জনগণকে’

‘উন্নয়নের আফিম খাইয়ে’ সরকার জনগণকে ‘বুদ’ করে রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 10:32 PM

Updated : 11 Oct 2022, 12:26 PM

প্রস্তাবিত বাজেট নিয়ে সোমবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সংগঠন সুজন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এই মন্তব্য করেন তিনি।

সালেহ উদ্দিন বলেন, “বাজেট বাস্তবায়ন কাজীর গরুর অবস্থা। কেতাবে আছে, গোয়ালে নেই। প্রকল্প বাস্তবায়ন করছে, কিন্তু মাঠে নামেন, দেখবেন অধিকাংশ সড়ক ঠিক নেই। বন্দর ঠিকমতো কাজ করছে না। হাসপাতালে ভবন তৈরি হচ্ছে, ভেতরে মেশিন কাজ করছে না।

“এসব উন্নয়নের আফিম খাইয়ে সরকার জনগণকে বুঁদ করে রেখেছে।”

ব্যাংক খাত নিয়ে সাবেক এই গভর্নর বলেন, “ব্যাংক, বাজার ঠিকমতো কাজ করছে না। ব্যাংক খাতে এত কিছু হচ্ছে, কিন্তু বাজেটে কোনো বক্তব্য নেই। এটা একটা অদ্ভুত দেশ, এখানে ভুল করলে প্রণোদনা দেওয়া হয়।”

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ না বাড়ানোর দিকটি দেখানোর পাশাপাশি বৈষম্য বেড়ে যাওয়ার কথাও বলেন তিনি।

“বাজেটের মূল উদ্দেশ্য জীবনমানের উন্নয়ন, নিরাপত্তা, স্বাধীনতা ও শান্তি নিশ্চিত করা। কিন্তু এসবের উন্নয়ন হয়নি; বরং বৈষম্য বেড়েছে।

“বলা হচ্ছে, মানুষ স্যান্ডেল পরে চলছে, টিভি দেখছে ইত্যাদি। কিন্তু আগে যার একটি গাড়ি ছিল, তার যে এখন ১০টি গাড়ি, সেটা দেখা হচ্ছে কি?”

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “মেগা প্রকল্পের অর্থনৈতিক লাভের বিষয়ে জানা দরকার। অনেকে বলছেন, মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হচ্ছে। অনেক বেশি খরচ হচ্ছে। আবার পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবও ফেলছে।

“পদ্মায় রেল সেতু করতে যে ব্যয় হচ্ছে, তা থেকে অর্থনৈতিক লাভ কি হবে? না কি রেল সেতু করা হয়েছে, সেটা বলাই লক্ষ্য। দেশের মাঝখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে, কোনো কারণে দুর্ঘটনা ঘটলে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে।”

বদিউল আলম বলেন, “করমুক্ত আয়সীমা বাড়ানো হল না, কিন্তু কর্পোরেট কর হার কমল। বিশাল পরিমাণ সম্পদ পাচার হচ্ছে, নির্বাচনের বছরে পাচার আরও বাড়বে। সে বিষয়ে বাজেটে কোনো বক্তব্য নেই।”

অনুষ্ঠানে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, সরকার পরোক্ষ করের উপর জোর দিয়ে সাধারণ মানুষকে চাপে ফেলছে।

অনুষ্ঠানের সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, “চালের দাম বাড়ল, কেউ কথা বলল না। আগে বাজেটের পক্ষে-বিপক্ষে মত দেখা যেত, এখন নেই। সবকিছু একচেটিয়া।

“মনে হয় দেশে আইয়ুবীয় কিংবা এরশাদীয় শাসন চলছে। মানুষ প্রতিবাদের স্পৃহা হারিয়ে ফেলছে।”