উন্নয়নশীলে উত্তরণে চ্যালেঞ্জ থাকলেও লাভ অনেক: জাতিসংঘ কর্মকর্তা
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর সামনে চ্যালেঞ্জ থাকলেও ‘অনেক লাভ’ রয়েছে বলে জানালেন জাতিসংঘের সহকারী মহাসচিব হাওলিয়াং জু।
বাংলাদেশের উন্নয়নশীল দেশের উন্নীত হওয়ার যোগ্যতা অর্জনের পর লাভালাভের নানা হিসাব কষার মধ্যে রোববার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথায় পুরো বিষয়টির উপর আলোকপাত করেন এই জাতিসংঘ কর্মকর্তা।
জাতিসংঘ সদস্য দেশগুলোকে স্বল্পোন্নত, উন্নয়নশীল ও উন্নত এই তিন ভাগে ভাগ করে। ১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের কাতারভুক্ত বাংলাদেশ এই প্রথম পরবর্তী ধাপে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে।
মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক (ইভিআই) এই তিন শর্ত পূরণ করে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। পরবর্তী বছরগুলোতে অবনতি না ঘটলে ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাবে।
স্বল্পোন্নত অর্থাৎ এলডিসি দেশ হিসেবে বিভিন্ন সংস্থার সহজ শর্তে ঋণ এবং বিভিন্ন দেশে রপ্তানি বাণিজ্যে যে সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ, উন্নয়নশীল দেশ হলে তা আর থাকবে না।
এসব নিয়ে অনেকের শঙ্কার মধ্যে হাওয়ালিং বলেন, “উত্তরণ ঘটলে অনেক লাভ রয়েছে।”
কোন কোন ক্ষেত্রে লাভ রয়েছে, তাও দেখিয়ে দেন তিনি।
“এলডিসি দেখে বিনিয়োগকারীরা বুঝে নেয়, এটা বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো স্থান নয়। উত্তরণ ঘটলে বিনিয়োগকারীদের কাছে এই বার্তা দেবে যে বাংলাদেশ বিনিয়োগ করার মতো দেশ।”
এলডিসির কাতারভুক্ত দেশগুলো সম্পর্কে আন্তর্জাতিক মহলের সাধারণ ধারণাগুলোর কথাও বলেন হাওলিয়াং।
সক্ষমতা কম, পর্যাপ্ত অবকাঠামো নেই, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী নয়- এলডিসি দেশগুলোকে নিয়ে এই ধারণার কথা বলেন তিনি।
বিপরীতে উন্নয়নশীল হলে ক্রেডিট রেটিং এজেন্সিগুলো বাংলাদেশের মান উন্নত করলে তাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে, বলেন তিনি। আর আস্থা বাড়লে বিনিয়োগ বাড়বে, তাতে বিনিয়োগের খরচ কমে আসবে।
“এটা একটা বড় প্রভাব ফেলবে ভবিষ্যতে উন্নয়নে অর্থায়নে,” বলেন জাতিসংঘ কর্মকর্তা।
উন্নয়নশীল দেশে উত্তরণের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতিও দেন হাওলিয়াং।
উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপনে নানা কর্মসূচি নিয়েছে বাংলাদেশ সরকার; আমন্ত্রণ পেয়ে তাতে অংশ নিতে ঢাকা সফরে আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব।
যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র নিচ্ছে বাংলাদেশ
তিনি বলেন, বাংলাদেশের উত্তরণ না হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।
আর যে দেশগুলো একই পথে রয়েছে, সেই বতসোয়ানা, কেপ ভার্দ, মালদ্বীপ, সামোয়া ও ইকুটেরিয়াল গিনির চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন হাওলিয়াং।
তিনি বলেন, “এবারই প্রথম কোনো দেশ (বাংলাদেশ) তিনটি শর্তের সবগুলো একবারে পূরণ করল।”
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর মানদণ্ড অনুযায়ী উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার, জাতিসংঘের হিসাবে বাংলাদেশের মাথাপিছু আয় এখন ১২৭৪ ডলার।
মানবসম্পদ উন্নয়ন সূচকে উন্নয়নশীল দেশ হতে ৬৪ পয়েন্টের প্রয়োজন হলেও বাংলাদেশের আছে ৭২।
অর্থনৈতিক ভঙ্গুরতার ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ দশমিক ২। এই পয়েন্ট ৩৬ এর বেশি হলে এলডিসিভুক্ত হয়, ৩২ এ আনার পর উন্নয়নশীল দেশে যোগ্যতা অর্জন হয়।
২০২১ সালে পরবর্তী মূল্যায়ন যখন হবে, বাংলাদেশ তখনকার শর্ত পূরণে এখনই এগিয়ে আছে বলে মন্তব্য করেন হাওলিয়াং।
সাফল্য উদযাপন
তিনি বলেন, “এই মাইলফলক অতিক্রমে বাংলাদেশের সঙ্গে থাকতে পেরে আমরাও গর্ব বোধ করছি।”
লাভের কথা বলার পাশাপাশি কিছু চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দেন জাতিসংঘের সহকারী মহাসচিব।
এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, কর্মসংস্থান সৃষ্টি, নগরায়নের সমস্যা মোকাবেলা এবং বৈষম্য ঠেকানো।
উন্নয়নের পাশাপাশি গবেষণায়ও বিনিয়োগ করতে বাংলাদেশকে পরামর্শ দেন হাওলিয়াং। প্রযুক্তি খাতের উন্নয়ন এবং উৎপাদন বাড়াতে গুরুত্ব দেওয়ার পরামর্শও দেন তিনি।
সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায়ও জোর দেন জাতিসংঘ কর্মকর্তা।
বাংলাদেশের উত্তরণ ঘটলে দাতাদের সাহায্য কমে অস্তিত্ব ঝুঁকিপূর্ণ হওয়ার যে আশঙ্কা এনজিওগুলো করছে, তাদেরও আশ্বস্ত করেন হাওলিয়াং।
তিনি বলেন, “এই পরিবর্তনটা তাদের গভীর দৃষ্টিতে দেখতে হবে। তহবিল জোগানোর ধরন বদলাবে। যদি আপনি বিদেশি তহবিলের উপর অনেক বেশি নির্ভরশীল হন, তবে আপনাকে স্থানীয় উৎস খুঁজতে হবে।”
নতুন ধাপের বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্কও পুনর্বিন্যস্ত হবে বলে জানান তিনি।
হাওলিয়াং একটি সতর্ক বার্তা দিয়ে বলেন, উন্নয়নশীল দেশের কাতারে উঠেও অনেক দেশ দীর্ঘ দিন মধ্যম আয়ের দেশে আটকে আছে।
তিনি বলেন, এই ফাঁদে যেন বাংলাদেশ না পড়ে, সেজন্য ওই দেশগুলোর অভিজ্ঞতা জানতে জাতিসংঘ সহায়তা করতে পারে।
