সিপিডি-বিএনপির এক সুর: তোফায়েল
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি এবং বিএনপি একই সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “১২ জানুয়ারি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন। তার পরদিনই সিপিডি কন্ট্রাডিকটরি একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করলো।এতেই বোঝা যায়, তাদের উদ্দেশ্য কী? আসলে বিএনপির বক্তব্য ও সিপিডির গবেষণা রিপোর্ট এক।”
শনিবার ‘বাংলাদেশ অর্থনীতি ২০১৭-২০১৮: প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে সিপিডি।
তাতে বলা হয়, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে চললেও ধনী-গরিব বৈষম্য না কমে বরং বেড়েছে। এছাড়া ২০১৭ সালকে ব্যাংক খাতের কেলেঙ্কারির বছর আখ্যায়িত করে সিপিডি।
আক্ষেপ করে তোফায়েল বলেন, “পত্রিকাগুলো সিপিডির সংবাদ বড় করে ছাপে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩৮০ কোটি ডলার। বিএনপির সময় তা ১০ বিলিয়ন ও তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৪ বিলিয়ন ডলার হয়।
“আমরা সেখান থেকে ২০০৯ সালে যাত্রা শুরু করেছিলাম। গত ৯ বছরে বাংলাদেশ ৩৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করার সক্ষমতা অর্জন করেছে। ২০০৯ সালের আগে দেশে দারিদ্র্যের সীমা ছিল ৪২ শতাংশ। এখন সেটা ২৩ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। অতিদারিদ্র্যের সীমা ছিল ১৭ দশমিক ৬ শতাংশ, যা এখন কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৮ শতাংশে।
“সব ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি হয়েছে। সিপিডি এগুলো চোখে দেখে না। সিপিডির বক্তব্যের সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মেলে না।”
“নির্বাচনের বছরে সিপিডির এই ধরনের গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ বিরোধিতাকারীদের হাতে একটি অস্ত্র তুলে দিল,” বলেন তোফায়েল।
তিনি বলেন, “আমি দেবপ্রিয় ভট্টাচার্যকে বলতে চাই, উন্নয়ন যদি না হয় তাহলে বাংলাদেশে এত বিনিয়োগ হয় কী করে? উনি কি কৌশিক বসু ও অমর্ত্য সেনের চেয়েও বেশি বোঝেন, বেশি জানেন? বাংলাদেশ যেখানে এলডিসিভুক্ত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে সেই মুহূর্তে সিপিডির এই গবেষণা যথার্থ নয়।”
“সিপিডির প্রতিটি বক্তব্যই নেগেটিভ। তারপরও সিপিডি প্রচার পায়। কী আর বলব!”
