২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিডি দেশকে টেনে নামাতে চাইছে: মুহিত

সিপিডির উপর আবার ক্ষেপলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত; তার দাবি, গবেষণা প্রতিষ্ঠানটি বাংলাদেশকে ‘টেনে নামাতে’ চাইছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2018, 05:04 PM

Updated : 19 Aug 2022, 01:24 PM

দেশে সম্পদের বৈষম্য বেড়ে যাচ্ছে এবং ব্যাংক খাতে সরকারের নজরদারির ঘাটতি রয়েছে বলে সিপিডির বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটিতে স্বভাবসুলভ ভঙ্গিতে ‘রাবিশ’ও বলেছেন অর্থমন্ত্রী।

শনিবার ‘বাংলাদেশ অর্থনীতি ২০১৭-২০১৮: প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে সিপিডি।

তাতে বলা হয়, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে চললেও ধনী-গরিব বৈষম্য না কমে বরং বেড়েছে। এছাড়া ২০১৭ সালকে ব্যাংক খাতের কেলেঙ্কারির বছর আখ্যায়িত করে সিপিডি।

Image
এই সংবাদ সম্মেলনেই ২০১৭ সাল নিয়ে প্রতিবেদন তুলে ধরে সিপিডি

এই সংবাদ সম্মেলনেই ২০১৭ সাল নিয়ে প্রতিবেদন তুলে ধরে সিপিডি

রোববার সচিবালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠক শেষে সিপিডির প্রতিবেদন নিয়ে সাংবাদিকরা অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান।

মুহিত বলেন, “আই হ্যাভ নো কমেন্ট। বাংলাদেশ যে এতসব অর্জন করেছে, এই ব্যাপারে কখনোই সিপিডি রিকগনাইজ করেনি।…কই, অত বড় কেলেঙ্কারি হয়ে গেল, তখন তো তারা কিছু বলেনি।”

রাগের স্বরে তিনি বলেন, “সিপিডি বাংলাদেশকে টেনে নামানোর চেষ্টা করছে। তারা কখনও বাংলাদেশের উন্নয়ন চোখে দেখে না, শুধু নেতিবাচক দিকগুলো তুলে ধরে।”

সিপিডির ওই প্রতিবেদন নিয়ে আরেকজন সাংবাদিক আরেকটি প্রশ্ন করতেই মুহিত বলেন, “নো নো নো, অল রাবিশ।”

পুরনো খবর:

ধনী আরও ধনী, গরিব আরও গরিব হচ্ছে: সিপিডি