দারিদ্র্য দূরের ‘উচ্চাভিলাষ’ অর্জনে যুবাতে ভর মুহিতের
২০২৪ সালের মধ্যে দারিদ্র্য শূন্যে নামিয়ে আনার লক্ষ্য উচ্চাভিলাষী স্বীকার করে তা অর্জনে যুবকদের উপর আস্থা রাখার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘বাংলাদেশের যুব উন্নয়ন সম্মেলনে’ মন্ত্রী বলেন, “আমাদের পরিকল্পনা অনেক উচ্চাভিলাষী। আমরা চাচ্ছি, ২০২৪ সালের পরে দেশে আর কোনো দারিদ্র্য থাকবে না, সেটা ২০৩০ সাল নয়। তবে তখনও শারীরিক ও মানসিকভাবে অক্ষমসহ ১০ শতাংশের মতো মানুষ রাষ্ট্রীয় সহায়তার উপর নির্ভরশীল থাকবে। এটা সব সময়ের জন্য বলবৎ থাকবে।
“তিন দশকের জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আছি আমরা, যেটা ২০৩৬ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। সেজন্য যুবকদের উপর নির্ভর করতে হবে আমাদের।”
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেজন্য যুবকদের শিক্ষিত ও প্রশিক্ষিত করার জন্য সরকারি উদ্যোগের উপর জোর দেন মুহিত।
তিনি বলেন, “যদি এই যুবকদের তৈরি করতে পারি তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল আমরা পাব। যুবকরা ভূমিকা রাখবে, আর রাষ্ট্র তাদেরকে সেই ব্যবস্থাপনা তৈরি করে দেবে। তার মাধ্যমে যুবকদের উদ্ভাবনী ও সামর্থ্য ব্যবহার হবে বাংলাদেশের উন্নয়নে।”
তিনি বলেন, যুবকদের শক্তিতে ভর করে গত কয়েক বছর ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে রয়েছে।
“মাঝেমধ্যে সেটা ৭ শতাংশের বেশিও হয়েছে। অনেকে বলে থাকেন, জিডিপি প্রবৃদ্ধি দিয়ে সামগ্রিক উন্নয়নকে সেভাবে বুঝানো যায় না। তবে এটাতো এখন পর্যন্ত সবচেয়ে ভালো পরিমাপক হিসাবে রয়েছে।
“সামগ্রিক উন্নয়ন ও সমতার ক্ষেত্রে আমরা দারিদ্র্যকে হ্রাস করতে পেরেছি উল্লেখযোগ্য মাত্রায়। ২২ শতাংশে নামিয়ে আনতে পেরেছি। অতি দরিদ্রের সংখ্যা ১০ শতাংশের মতো।”
অনুষ্ঠানে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইয়ান লিন্ডসে, কমনওয়েলথ সচিবালয়ের বাণিজ্য উপদেষ্টা ওপেয়েমি আবেবে এবং হেড অব পলিসি অ্যান্ড রিসার্চ অভিক সেন।
অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সংসদ সদস্য নাহিম রাজ্জাক যুব উন্নয়ন সম্মেলনে বক্তব্য দেন।
