পরামর্শক পেলো বঙ্গবন্ধু রেলসেতু
যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে রেলের জন্য বিশেষায়িত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করবে ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড।
জাপানি এই কোম্পানিকে কাজ দেওয়ার প্রস্তাবে বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সম্মতি দিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে এই সভা হয়।
বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, ওরিয়েন্টালের সঙ্গে কাজ করবে জাপানের সোদাই কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের দুই কোম্পানি- ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস ও সাব কনসালটেন্ট এসিই কনসালটেন্টস।
জাইকার সহায়তায় নির্মিতব্য এই প্রকল্পের পরামর্শক পাবে ৭৯৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার টাকা। গত ডিসেম্বরে একনেকের প্রাক্কলন অনুসারে এই প্রকল্পে মোট ব্যয় হবে ৯ হাজার ৭৩৪ কোটি টাকা।
গত ৬ ডিসেম্বর একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেছিলেন, এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) ঋণ সহায়তা দেবে ৭ হাজার ৭২৪ কোটি টাকা; আর বাকি দুই হাজার ১০ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে।
মন্ত্রী জানান, প্রকল্পটির আওতায় বিদ্যামান বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে ৩০০ মিটার উজানে প্রায় ৪ দশমিক ৮ কিলোমিটার ডেডিকেটেড ডুয়েল গেজ স্টিল, প্রায় তিন কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণের পাশাপাশি ৬ দশমিক ২ কিলোমিটার রেলওয়ে এপ্রোচ নির্মাণ করা হবে।
প্রকল্পটি আগামী ২০২৩ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী।
মন্ত্রিসভা কমিটি ঢাকার মোহাম্মদপুর হাউজিং এস্টেটের এফ ব্লকে সীমিত আয়ের লোকদের কাছে ফ্ল্যাট বিক্রির জন্য নির্মাণাধীন দুটি ভবনে ব্যয় বাড়ানোয়ও সম্মতি দিয়েছে।
এর মধ্যে ৭ নম্বর ভবনে নির্মাণ ব্যয় ২ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকা বাড়ানো হয়েছে। মূল প্রস্তাবে এই দর ছিল ১৫ কোটি ১৫ লক্ষ ৯৭ হাজার টাকা। বর্তমানে এর পরিমাণ ১৮ কোটি ১২ লাখ ৮৪ হাজার টাকা।
৮ নম্বর ভবনে ব্যয় বৃদ্ধির পরিমাণ ২ কোটি ৯০ লাখ ৪১ হাজার টাকা। মূল প্রস্তাবে এই দর ছিল ১৫ কোটি ১৭ লাখ ১৭ হাজার টাকা। বর্তমানে এর পরিমাণ ১৮ কোটি ৭ লাখ ৫৯ হাজার টাকা।
১ হাজার বর্গফুট আয়তনের ৬০টি করে ফ্ল্যাট সংবলিত এই দুই আবাসিক ভবনই ১৬ তলা বিশিষ্ট।
ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক চার লেইনে উন্নীতকরণ প্রকল্পের দাউদকান্দি ও চট্টগ্রাম অংশের সড়ক ও সেতুর নির্মাণে ১১টি স্লটে ব্যয় বাড়ানোর একটি প্রস্তাবও কমিটিতে অনুমোদিত হয়।
চট্টগ্রাম বন্দরের জিসিবি এলাকার খালি কন্টেইনার হ্যান্ডলিং এর জন্য নিযুক্ত ঠিকাদার মেসার্স এভারেস্ট এন্টারপ্রাইজ এর সঙ্গে সম্পাদিত চুক্তির দর ৮ কোটি ৭১ লাখ টাকা বাড়িয়ে ৫৭ কোটি ৬৯ লাখ টাকা করার প্রস্তাবেও সম্মতি পাওয়া গেছেন কমিটির কাছ থেকে।
একই এলাকায় বার্থ অপারেটরদের সঙ্গে সম্পাদিত চুক্তির চুক্তিমূল্যের টাকা শেষ হয়ে যাওয়ায় ১১ শতাংশ ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কমপক্ষে ৩৪ হাজার ডিডব্লিউটি সম্পন্ন ১টি নতুন অয়েল/কেমিকেল, ক্রুড অয়েল ট্যাংকার ক্রয়’ সংক্রান্ত প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
সরকারের বিশেষ অগ্রাধিকার প্রকল্প হিসাবে চীন সরকারের অর্থে চাইনিজ ইকোনোমিক ও ইন্ডাস্ট্রিয়াল জোনের সংযোগকারী অবকাঠামো নির্মাণ এবং উপযোগ সেবা সংস্থানে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।
হজরত শাহজাহাল বিমান বন্দরের জন্য একটি রাডার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের পরিবর্তে সরকারি অর্থায়নে সংগ্রহের প্রস্তাব এজেন্ডভুক্ত হলেও পরে আলোচনা স্থগিত করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন, “বেসামরিক বিমান মন্ত্রণালয় এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। এরপর ফের আসবে।”
প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা আনতে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন পর্যায়ে কাঠামোগত ও পদ্ধতিগত পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সম্মতি দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, “দেখা যায়, প্রকল্প অনুমোদন হল, কিন্তু কাজ শুরু করতেই এক দুই বছর চলে যায়। এটা যাতে আগেই শেষ করে রাখা যায়, যাতে প্রকল্প অনুমোদনের পরই কাজ শুরু করে দেয়া যায়, সে জন্য এখানে একটা নীতিমালা তৈরির কথা বলা হয়েছে।”
