ব্যাংক গ্রাহকদের অভিযোগ শুনে বিস্মিত গভর্নর
বাংলাদেশের ব্যাংকগুলোর সেবার মান নিয়ে গ্রাহকদের অভিযোগ শুনে বিস্ময় প্রকাশ করে গভর্নর ফজলে কবির বলেছেন, এটা উদ্বেগজনক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ‘ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের ২০১৫-১৬’ এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে কয়েকজন গ্রাহকের অভিযোগ শুনে বিস্মিত হন তিনি।
তিনি বলেন, “গ্রাহকদের কাছ থেকে যে সব অভিযোগ আমরা শুনলাম, তাতে আমার কাছে আশ্চর্য লাগছে, এগুলো কীভাবে হতে পারে?
“প্রতিটি অভিযোগ ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমের সাথে জড়িত। এগুলো কোনো সাধারণ বিষয় নয় যে কেউ ছেড়া টাকা বদলাতে গিয়ে পারেনি। এটা অ্যালার্মিং।”
অনুষ্ঠানে কয়েকজন গ্রাহক ব্যাংকে নিজেদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেন।
একজন গ্রাহক বলেন, তার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছেল সে টাকা অন্য কেউ তার ব্যাংক থেকে তুলে নিয়ে যায়।
আরেকজন বলেন, এলসি সংক্রান্ত সমস্যাগুলোতে সবক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে সমাধান করতে হয়।
প্রতিবেদনে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় সোনালী ব্যাংকেই ২০১৫-১৬ অর্থবছরে গ্রাহকরা বেশি হয়রানির শিকার হন।
সোনালী ব্যাংক নিয়ে গ্রাহকরা ৫৬৩টি অভিযোগ করেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বেসরকারি ব্র্যাক ব্যাংক, এই ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ ৩৭৩টি। তৃতীয় রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, এই ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ ২৯১টি।
এছাড়া ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ২৬৮টি, জনতা ব্যাংকের বিরুদ্ধে ২৩১টি, ডাচ বাংলা ব্যাংকের বিরুদ্ধে ২০৪টি, কৃষি ব্যাংকের বিরুদ্ধে ১৮৪টি, পূবালী ব্যাংকের বিরুদ্ধে ১৩২টি, রূপালী ব্যাংকের বিরুদ্ধে ১৩১টি এবং ইস্টার্ন ব্যাংকের বিরুদ্ধে ১২৬টি অভিযোগ পড়ে ওই অর্থবছরে।
প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ বেশি, যা মোট অভিযোগের ৫৮.৭০ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ ২৮.২৮ শতাংশ, বিদেশি ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ ৪.০৬ শতাংশ, বিশেষায়িত ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ ৪.৬৬ শতাংশ।
প্রতিবেদনে গ্রাহক হয়রানির চিত্র দেখে গ্রাহকবান্ধব আচরণ করার জন্য সব তফসিলি ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান গভর্নর ফজলে কবির।
তিনি বলেন, “দেশের জনগণ আমাদের বিশ্বাস করে ব্যাংকে টাকা রাখেন। বিশ্বস্ততার সঙ্গে তাদের সেবা দিতে হবে। এই সেবা দিতে গিয়ে যে অভিযোগ ও অসন্তুষ্টি থাকে তা অনাকাঙ্ক্ষিত।”
গ্রাহকদের সব ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে তা দ্রুত সমাধানে সক্রিয় হতেও ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান বাংলাদেশের ব্যাংকগুলো তদারকির দায়িত্বে থাকা সংস্থার প্রধান ফজলে কবির।
গ্রাহকের আস্থা হারালে যে টিকে থাকা কঠিন হবে, অনুষ্ঠানে বক্তব্যে তা ব্যাংকগুলোকে স্মরণ করিয়ে দেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান।
“কোনো ব্যাংকের উপর যদি জনগণের আস্থা কমে যায়। সেই ব্যাংকের টিকে থাকা দুরূহ হয়ে পড়ে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।”
