কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক শফিকুল
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হয়েছেন।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শফিকুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ কার্যালয়ে দায়িত্বরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার পর ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন শফিকুল।
দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের কৃষি ঋণ বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।
১৯৯৭-১৯৯৯ মেয়াদে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন শফিকুল।
