২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত মাসে রেমিটেন্স কমেছে ১৭ শতাংশ

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমছেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 08:44 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

সর্বশেষ জানুয়ারি মাসে রেমিটেন্স ১০০ কোটি ডলার ছাড়ালেও গত বছরের জানুয়ারির চেয়ে কমেছে ১২ শতাংশের বেশি।

অর্থবছরের সাত মাসের (জুলাই-জানুয়ারি) হিসাবে আগের বছরের তুলনায় রেমিটেন্স কমেছে প্রায় ১৭ শতাংশ।

রেমিটেন্সের এই অধঃগতিকে বাংলাদেশের অর্থনীতিতে ‘চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, “আমাদের অর্থনীতিতে বর্তমানে ছয়টি চ্যালেঞ্জ রয়েছে। এরমধ্যে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে রেমিটেন্সের কম প্রবাহ।”

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ‘স্বাভাবিক’ হলে রেমিটেন্স বাড়বে বলে আশা প্রকাশ করেছেন মুহিত।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে দেশে প্রবাসী আয় এসেছে ১০০ কোটি ৯৪ লাখ ডলার।

এর আগে গত নভেম্বর ও ডিসেম্বরে এই আয় ১০০ কোটি ডলারের নিচে নেমে গিয়েছিল।

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) প্রবাসীরা মোট ৭১৭ কোটি ৬০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। ২০১৫-১৬ অর্থবছরের এ সময়ে এসেছিল ৮৬৩ কোটি ৭৬ লাখ ডলার।

সেই হিসাবে প্রবাসী আয় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৭ শতাংশ কমেছে।

প্রবাসীদের পাঠানো আয় সব সময় ১০০ কোটি ডলারের বেশি থাকলেও গত নভেম্বর ও ডিসেম্বরে তা নেমে আসে যথাক্রমে ৯৫ কোটি ১৩ লাখ ডলার ও ৯৫ কোটি ৮৭ লাখ ডলারে।

গত বছরের জানুয়ারি মাসে ১১৫ কোটি ৬ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

২০১৬ সালে প্রবাসীরা ১ হাজার ৩৬১ কোটি ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন। ২০১৫ সালে এসেছিল ১ হাজার ৫৩২ কোটি ডলার। সে হিসাবে গত বছরে প্রবাসী আয় আগের বছরের চেয়ে ১১ দশমিক ১৬ শতাংশ কমেছিল।

এর আগে ২০১৩ সালেও প্রবাসীরা তার আগের বছরের তুলনায় ২ দশমিক ৩৯ শতাংশ কম রেমিটেন্স পাঠিয়েছিলেন।

প্রবাসী আয়ের নেতিবাচক প্রবণতা প্রথম দেখা দেয় ২০১৩ সালে। আগের বছরগুলোতে প্রবৃদ্ধি ঘটলেও ওই বছর প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি ঘটে। ওই বছরে প্রবাসীরা ১ হাজার ৩৮৩ কোটি ডলার পাঠান, যা ২০১২ সালের তুলনায় ২ দশমিক ৩৯ শতাংশ কম ছিল।

 

২০১৪ সালে প্রবাসী আয়ে ৭ দশমিক ৮৮ শতাংশ প্রবৃদ্ধি ঘটে। ওই বছর মোট ১ হাজার ৪৯২ কোটি ডলার আয় দেশে আসে। এরপর ২০১৫ সালেও প্রবাসী আয়ে ২ দশমিক ৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়।

রোববার অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের প্রথম প্রান্তিকের বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী।

সেই প্রতিবেদনে প্রবাস আয় সম্পর্কে মুহিত বলেন, ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণে প্রবাস নিয়োগ হলেও প্রবাস আয়ে গতিশীলতা আসেনি।

উন্নত অর্থনীতির দেশগুলোতে অর্থনৈতিক পুনরুদ্ধারে ধীর গতি, তেলের দাম কমার কারণে মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক স্থবিরতা এবং ডলারের বিপরীতে তুলনামূলকভাবে টাকা ‘শক্তিশালী’ থাকায় প্রবাস আয় প্রবাহ কমতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

“এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই- মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইন এই ছয়টি দেশ হতে প্রবাস আয়ের প্রায় ৫৮ শতাংশ আসে। গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫৮ দশমিক ৮ শতাংশ প্রবাস নিয়োগ বৃদ্ধি সত্ত্বেও এ সকল দেশ হতে একই সময়ে প্রবাস আয় কমেছে ১০ দশমিক ৯ শতাংশ।

“তেলের মূল্য কিছুটা স্বাভাবিক হলে এ সব দেশ হতে প্রবাস আয় প্রবাহও স্বাভাবিক হবে বলে আমি মনে করি। প্রবাসীরা অপেক্ষাকৃত কম বেতনে চাকরি নিয়ে তাদের কর্মস্থলে বহাল রয়েছেন। সে কারণে রেমিটেন্স কমছে।”