সাড়ে ৫ হাজার কোটি টাকার ‘এলজিএসপি-৩’ প্রকল্প অনুমোদন
স্থানীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়াতে ইউনিয়ন পর্যায়ের সব সদস্যকে প্রশিক্ষণের পাশাপাশি বাস্তবায়ন পারদর্শিতার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অনুদান দিতে ‘লোকাল গভর্ন্যান্স প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩)’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৩৫ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক ২ হাজার ৩৮২ কোটি টাকা আর বাকি ৩ হাজার ১৫৩ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে।
সারা দেশের চার হাজার ৫৫০টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় অবকাঠামো উন্নয়নে এ বিপুল অর্থ ব্যয় করা হবে।
একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে ২০০৯ সালে ‘স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯’, এবং ‘স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯’ প্রণয়ন করা হয়।
“এরপর বিশ্বব্যাংকের সহায়তায় দুটি এলজিএসপি প্রকল্প বাস্তবায়ন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ প্রকল্পটির তৃতীয় পর্যায় অনুমোদন দেওয়া হল।”
শিগগির প্রকল্পটি শুরু হয়ে আগামী ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে তিনি।
মন্ত্রী বলেন, এ প্রকল্পটির বিষয়ে বৈঠক থেকে দেশে ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে বর্তমানে কত সংযোগ সড়ক রযেছে, আর নতুন করে কতো সড়ক প্রয়োজন রয়েছে তার একটি তালিকা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
একইসঙ্গে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের একটি মহা পরিকল্পনা তৈরির নির্দেশনাও দিয়েছেন বলে জানান মুস্তফা কামাল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সড়ক যোগাযোগ ব্যবস্থার অধিকতর উন্নয়নের জন্য একটি মহা-পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি চলমান প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রকল্প এলাকায় সাইনবোর্ড টানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হচ্ছে, ‘জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো’ প্রকল্প। এর ব্যয় ৪১৮ কোটি টাকা। ‘খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প, এর ব্যয় প্রায় ২ হাজার ৬৩৬ কোটি টাকা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নের জন্য অনুমোদন দেওয়া হয়েছে ‘মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), মিরপুর সেনানিবাসের অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ’ প্রকল্প। এতে ব্যয় হবে ৪২১ কোটি টাকা।
‘অনন্যা আবাসিক এলাকার উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্প, ব্যয় প্রায় ২ হাজার ৮৩৩ কোটি টাকা।
‘নাটোর রোড (রুয়েট) হতে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ’ প্রকল্পের ব্যয় প্রায় ১৪০ কোটি টাকা।
প্রায় ২৩২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হবে ‘বরিশাল ও সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রেঞ্জ রিজার্ভ পুলিশ লাইন নির্মাণ’ প্রকল্প। আর ৩৩৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হবে ‘পটুয়াখালী-পায়রা ২৩০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ’ প্রকল্প।
