বিনিয়োগ টানতে বিডার কাজ শুরু
বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে কাজ শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
প্রথম পদক্ষেপ হিসেবে বিশ্ব ব্যাংক গ্রুপের সঙ্গে মিলে শুক্রবার থেকে হবিগঞ্জের বাহুবলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে দুই দিনের ‘কৌশলগত’ কর্মশালা শুরু করছে প্রতিষ্ঠানটি, যাদের উপর রয়েছে দেশের বিনিয়োগের গতি বাড়ানোর ভার।
২০২১ সালের মধ্যে বিশ্ব ব্যাংকের ব্যবসায় পরিবেশের সূচকে বাংলাদেশের অবস্থান ৭৬ ধাপ এগিয়ে কী করে প্রথম ১০০ দেশের তালিকায় আনা যায়, তার কর্মপরিকল্পনা সাজাতে হচ্ছে এই কর্মশালা।
বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে এসব সমস্যার সমাধানও আমরা জানি।
“এখন আমাদের দেশে এসব সমস্যা কীভাবে সমাধান করতে হবে তার কর্মপরিকল্পনা আমাদের দরকার।”
দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে গত সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশনকে একীভূত করে গঠন করা হয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, “কর্মশালায় প্রতিটি মন্ত্রণালয় তাদের কর্মপরিকল্পনা নিয়ে হাজির হবে এবং আমাদের কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছানোর জন্য কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব নেবে তারা।”
‘ইমপ্রুভিং বিজনেস ক্লাইমেট ফর ইনক্রিসড প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ: কি ইস্যুজ, প্রায়োরিটিজ অ্যান্ড স্ট্র্যাটেজিস’ শিরোনামের এই কর্মশালায় ৫৮টি সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্প খাতে বেসরকারি উদ্যোগকে সহায়তা এবং বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে তিনটি সেশনে হবে কর্মশালা।
বিশ্ব আর্থিক খাতের মোড়ল বিশ্ব ব্যাংক গ্রুপের ‘ডুয়িং বিজনেস ২০১৭’ প্রতিবেদনে ব্যবসা করার পরিবেশের দিক দিয়ে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬ নম্বরে। গতবছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৮ নম্বরে।
সূচকে দুই ধাপ অগ্রগতি হলেও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ছাড়া সার্কভুক্ত সব দেশের পিছনেই রয়ে গেছে বাংলাদেশ।
এখন বিডা ২০২১ সালের মধ্যে সূচকে বাংলাদেশের অবস্থান অন্তত ৭৬ ধাপ এগিয়ে প্রথম ১০০ দেশের তালিকায় আনতে চায়।
নির্বাহী চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের সামনে তিনটি চ্যালেঞ্জ রয়েছে- ‘ভিশন ২০২১’, ‘ভিশন ২০৪১’ এবং এসডিজির লক্ষ্য অর্জন করতে হবে।
“এর সবগুলোর জন্য ব্যাপক বিনিয়োগ দরকার হবে।”
সবগুলোই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা মন্তব্য করে তিনি বলেন, “একটি মধ্য আয়ের দেশ হওয়ার পর ২০ বছরের মধ্যে আমাদের উন্নত দেশের কাতারে পৌঁছাতে হবে। অনেক দেশ ৩০ বছরেও এটা পারে নাই।”
সে কারণে টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্যাপকভাবে মানসম্মত বিনিয়োগ দরকার বলে মন্তব্য করেন তিনি।
