করদাতাদের হয়রানি নয়: এনবিআর চেয়ারম্যান
করদাতাদের হয়রানি না করতে নিজের বিভাগের কর্মকর্তাদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।
আন্তর্জাতিক কাস্টমস দিবসে বৃহস্পতিবার এনবিআরের আয়োজনে রাজধানীতে শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ এনবিআরের ‘রাজস্ববান্ধব’ কার্যক্রমে সহায়তার প্রতিশ্রুতি দেন।
সেগুন বাগিচায় এনবিআর কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের পর একটি শোভাযাত্রা বের হয়ে দুর্নীতি দমন কমিশন, শিল্পকলা একাডেমি, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেস ক্লাব হয়ে আবার এনবিআর ভবনে ফিরে শেষ হয়।
এনবিআর চেয়ারম্যান নজিবুর ও এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ ছাড়াও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এতে অংশ নেন।
ঢাকার বাইরে প্রতিটি জেলা সদরেও শোভাযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন করেছে রাজস্ব বোর্ডের স্থানীয় কার্যালয়গুলো।
চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা ধরার পর থেকে কর আদায় বাড়াতে সক্রিয় এনবিআর। করদাতাদের আকৃষ্ট করতে হয়রানির অভিযোগ থেকেও বের হতে চাইছে সংস্থাটি।
অনুষ্ঠানে নজিবুর বলেন, কাস্টমস দিবসে রাজস্ব বোর্ডের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর অঙ্গীকার হবে দেশের জন্য পর্যাপ্ত রাজস্ব আহরণ করা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে করদাতাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া।
“কর দিতে এসে করদাতাদের যাতে কোনো হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে নজর দিতে হবে।”
এফবিসিসিআই সভাপতি মাতলুব বলেন, “বর্তমান এনবিআরের অব্যাহত রাজস্ব-বান্ধব সংস্কৃতির প্রয়াসের কারণে ব্যবসা-বান্ধব, বিনিয়োগ-বান্ধব পরিবেশ সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ীরা এনবিআরের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।”
প্রতিবছর ২৬ জানুয়ারি বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৭৯টি দেশে আন্তর্জাতিক কাস্টমস দিবসে পালন হয়ে থাকে।
