২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্টমস দিবসে এনবিআরের দিনব্যাপী আয়োজন

আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপনে সভা-সেমিনার শোভাযাত্রাসহ দিনব্যাপী কর্মসূচি পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 04:35 PM

Updated : 25 Jul 2022, 08:53 PM

বুধবার এক সংবাদ সম্মেলনে ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

তিনি জানান, কাস্টমসের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব সম্পর্কে কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধি করতে এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার মূল কার্যালয়, বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে এনবিআর কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর কাস্টম দিবসে সকালে এনবিআর ভবন থেকে শোভাযাত্রা বের হবে। বিকালে আগারগাঁওয়ে এনবিআরের নতুন ভবনে সভা-সেমিনার হবে।

এবারের আয়োজনে এনবিআর ও কাস্টমসের সঙ্গে সম্পর্কিত ৫টি সংস্থাকে ‘সার্টিফিকেশন অব মেরিট’ সনদ দেওয়া হবে বলে ঘোষণা করেন নজিবুর।

এসব সংস্থা হচ্ছে, অ্যাটর্নি জেনারেল অফিস, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্ট গার্ড ও স্থলবন্দর কর্তৃপক্ষ।

এছাড়া কাস্টমস ব্যবস্থাপনায় দক্ষতা ও কার্যকারিতা বাড়ানো, ব্যবসাবান্ধব মনোভাব সৃষ্টি ও কাজের সব প্রতিবন্ধকতা দূর করার উপায় খুঁজে বের করতে কর্মসূচির অংশ হিসেবে ক্রোড়পত্র প্রকাশ, টিভি অনুষ্ঠানে মতবিনিময় অনুষ্ঠানেরও আয়োজন করবে এনবিআর।

বিশ্ব কাস্টমস সংস্থার (ডব্লিউসিও) সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ দিবসটি উদযাপন করবে। ‘তথ্য উপাত্তের পর্যালোচনা, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা’ এবারের দিবসের মূল প্রতিপাদ্য।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমদানি রপ্তানি বাণিজ্যের প্রসার ও প্রতিযোগিতা বাড়তে থাকায় বিশ্বব্যাপী অভিন্ন কস্টমস পদ্ধতি চালু করতে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়। এর ধারাবাহিকতায় জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ বা গেট এর দীর্ঘদিনের উদ্যোগের অংশ হিসেবে ১৯৯৪ সালের ২৬ জানুয়ারি বিশ্ব কাস্টমস সংস্থা যাত্রা শুরু করে। ২০০৯ সালের ২৬ জানুয়ারি থেকে বিশ্বব্যাপী এই দিবস পালন হয়ে আসছে।