২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল‌্যস্ফীতি ৫ শতাংশ

মূল্যস্ফীতি নেমে এসেছে ৫ শতাংশে, যা গত সাড়ে চার বছরের মধ‌্যে সর্বনিম্ন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 08:52 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকারের ‘নানামুখী পদক্ষেপের কারণে’ মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। অর্থবছর শেষে লক্ষ্যমাত্রারও নিচে থাকবে অর্থনীতির অন্যতম প্রধান এই সূচক।

শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য প্রকাশ করেন।

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) গত বছরের শেষ মাস ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ০৩ শতাংশ।

অর্থাৎ ২০১৫ সালের ডিসেম্বরে যে পণ্য বা সেবার জন্য ১০০ টাকা খরচ করতে হত, ২০১৬ সালের ডিসেম্বরে সেই পণ্য বা সেবার জন্য ১০৫ টাকা ৩ পয়সা বেশি খরচ করতে হয়েছে।

ডিসেম্বরের ৫ দশমিক ০৩ শতাংশ মূল্যস্ফীতি গত ৫৩ মাসের মধ্যে সর্বনিম্ন বলে জানান মুস্তফা কামাল।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য পর্যালোচনায় দেখা যায়, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে নভেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩৮ শতাংশ।

চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ধরেছে সরকার।

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বলতে আগের বছরের নির্দিষ্ট কোনো মাসের ভোক্তা মূল্য সূচকের তুলনায় পরের বছর একই মাসে ওই সূচক যতটুকু বাড়ে তার শতকরা হারকে বোঝায়।

অন্যদিকে ১২ মাসের পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির গড় করে বার্ষিক মূল্যস্ফীতির হিসাব করা হয়।

খাদ্য এবং খাদ্য বহির্ভূত বিভিন্ন পণ্য ও সেবার মূল্য নিয়ে বিবিএস মূল্যস্ফীতির পরিসংখ্যান তৈরি করে।

সার্বিক মূল্যস্ফীতির পাশাপাশি গ্রাম এবং শহরের মূল্যস্ফীতির আলাদা হিসাব করা হয়ে থাকে।

পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা যায়, ডিসেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশে, যা তার আগের মাস নভেম্বরে ছিল ৫ দশমিক ৪১ শতাংশ।

ডিসেম্বরে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৯ শতাংশে,আগের মাসে যা ছিল ৫ দশমিক ৩৩ শতাংশ।

ডিসেম্বরে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৬ শতাংশে। নভেম্বরে এ হার ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। গ্রামে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৪ দশমিক ৮৩ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৭৮ শতাংশ হয়েছে।

গ্রামে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৪ দশমিক ৬০ শতাংশ থেকে ৩ দশমিক ৮৮ শতাংশে নেমে এসেছে।

ডিসেম্বরে শহরে সার্বিক মূল্যস্ফীতি ৬ দশমিক ৫৬ শতাংশ থেকে কমে ৬ দশমিক শূন্য ৭ শতাংশে নেমে এসেছে।

শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৪ শতাংশে। নভেম্বরে এ হার ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ।

খাদ্য বহির্ভুত পণ্যেও মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৫ শতাংশে। নভেম্বরে এই হার ছিল ৬ দশমিক ৩৫ শতাংশ।

মূল্যস্ফীতির কমার কারণ কারণ জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, “গেল বছরের পুরোটা সময় ধরেই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। কোনো রাজনৈতিক অস্থিরতা ছিল না। জিনিসপত্রের দাম কম ছিল।”