সড়ক ব্যবস্থাপনায় অতিরিক্ত ২৫০ কোটি টাকা
সারাদেশে সড়ক ব্যবস্থাপনায় বাজেটের অতিরিক্ত আড়াইশ কোটি টাকা দিতে রাজি হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত।
মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে অর্থমন্ত্রী এই সম্মতি দেন। এর আওতায় পার্বত্য এলাকায় সড়কের জন্য ২৫ কোটি টাকা এবং দেশের বাকি অংশের সড়কের জন্য ২২৫ কোটি টাকা দেওয়া হবে।
চলতি অর্থবছরের বাজেটে প্রকল্প বরাদ্দ বাবদ যোগাযোগে ২৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় ২০১১-১২ অর্থবছর থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত ২৭ খাতে বকেয়া পরিশোধে করতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও ১৫০ কোটি টাকা চাওয়া হয়। পরে সিদ্ধান্ত হয়, অডিটের ওপর ভিত্তি করে পরে এই টাকা দেওয়া হবে।
পদ্মা সেতু থেকে ভাঙ্গা পর্যন্ত সংযোগ সড়ক এবং ঢাকা বাইপাসের জন্য জমি অধিগ্রহণ করতে সেতু মন্ত্রণালয় ১ হাজার ১০০ কোটি টাকা চাইলে অর্থমন্ত্রী বিষয়টি পরিকল্পনা মন্ত্রণালয়ে তুলতে পরামর্শ দেন।
গাড়ি কেনার জন্য সড়ক মন্ত্রণালয়ের এক প্রস্তাবের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ মন্ত্রণালয়ে ৬৫৬ জন ক্যাডার কর্মকর্তার বিপরীতে রেভেনিউ খাতে ৫৫৩টি এবং বিভিন্ন প্রকল্পে ১০৯টি গাড়ি রয়েছে।
যেসব বিভাগে এক থেকে দেড়শর বেশি গাড়ি রয়েছে, সেখানে নতুন করে কোনো গাড়ি না দিতে অর্থমন্ত্রণালয়ের একটি অনুশাসনের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয় বৈঠকে।
এ সময় সেতু মন্ত্রণালয় যুক্তি দেখায়, তাদের হাতে থাকা অনেক গাড়ি চলাচলের উপযোগী নয়। আলোচনার এক পর্যায়ে মন্ত্রিসভার অনুমোদন আছে বিবেচনায় বিভিন্ন প্রকল্পে ‘ডোনার ফান্ডেড’ গাড়ি কিনতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।
অন্যদের মধ্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জ্যেষ্ঠ অর্থ সচিব মাহবুব আহমেদ, সড়ক ও পরিবহনি সচিব এমএএন সিদ্দিকী সভায় উপস্থিত ছিলেন।
