২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোবাংলা ও বিপিসির বকেয়া আদায়ে ‘চূড়ান্ত’ ব্যবস্থা নেবে এনবিআর

সরকারের দুই প্রতিষ্ঠান পেট্রোবাংলা ও বিপিসির ৩৩ হাজার কোটি টাকা বকেয়া রাজস্ব আদায়ের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 11:10 PM

Updated : 20 Aug 2022, 02:34 PM

মঙ্গলবার রাজস্ব সংগ্রহ সংক্রান্ত অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক মাসিক সভায় তিনি বলেন, পেট্রোবাংলার আওতাধীন চারটি গ্যাস বিতরণ কোম্পানির কাছে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ রাজস্ব বোর্ডের ৩০ হাজার ৮৫৮ কোটি টাকা পাওনা হয়েছে।

এই চার প্রতিষ্ঠান হল- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসির কাছে ভ্যাট বাবদ পাওনা রয়েছে ২ হাজার ১৮ কোটি টাকা।

বিপুল অংকের এই বকেয়া কর আদায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে নজিবুর রহমান বলেন, “কর কর্মকর্তাদের বকেয়া কর আদায়ে প্রয়োজনীয় নির্দেশনা কঠোরভাবে পরিপালন করতে হবে। পাশাপাশি কর অনিয়মে জড়িত সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

“বকেয়া রাজস্ব আদায়ের জন্য যদি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও চূড়ান্ত ব্যবস্থা নিতে হয়, তা নিতে হবে। জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন দুটি সংস্থা পেট্রোবাংলা ও বিপিসির বকেয়া পাওনা আদায়ের জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে।”

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় এনবিআর চেয়ারম্যান রাজস্ব আদায় বাড়াতে এবং কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কর কর্মকর্তাদের সাতটি দিক-নির্দশনা দেন।

# অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত সব প্রতিষ্ঠান/ব্যক্তিকে করের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম।

# ২১ ডিসেম্বর থেকে হওয়া ‘এনফোর্সমেন্ট’ মাসে কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা নিয়মমাফিক কর দেবেন, তাদের জন্য ফুলের শুভেচ্ছা আর ফলের সম্ভাষণ। আর যারা ফাঁকি দেবেন তাদের জন্য বাঘের থাবা।

# বকেয়া রাজস্ব আদায়ের জন্য যদি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও চূড়ান্ত ব্যবস্থা নিতে হয় তা নিতে হবে। জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন দুই সংস্থা পেট্রোবাংলা ও বিপিসির বকেয়া পাওনা আদায়ের জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে।

# বিসিএস কর একাডেমি ও বিসিএস (কাস্টমস ও ভ্যাট) একাডেমিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বৃহৎ করদাতা ইউনিটকে আরও কার্যকর এবং অটোমেটেড করতে হবে।

# করদাতাকে সেবা বাড়ানোর লক্ষ্যে সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।

# চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনের জন্য যে সব বাধা/প্রতিবন্ধকতা আসবে তা নিরসনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে।

# আগামী ০৯ থেকে ১১ জানুয়ারি সারাদেশে অনুষ্ঠেয় ‘উন্নয়ন মেলা’য় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।  মেলায় আয়কর, ভ্যাট এবং শুল্ক বিভাগ সমন্বিতভাবে এবং সব স্টেকহোল্ডারদের সহায়তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়।

রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মাসিক রাজস্ব সম্মেলনে রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।