পাঁচ মাসে ব্যয় হয়নি এডিপির এক পঞ্চমাংশও
চলতি অর্থবছরের পাঁচ মাস চলে গেলেও দেশের অবকাঠামো উন্নয়নের জন্য নেওয়া প্রকল্পগুলোর জন্য দেওয়া বরাদ্দ অর্থের পাঁচ ভাগের একভাগও ব্যয় করতে পারেনি সরকার।
২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দ ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকার মধ্যে জুলাই-নভেম্বর সময়ে ব্যয় হয়েছে ২৩ হাজার ৫৯৪ কোটি টাকা।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার সাংবাদিকদের সামনে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপির মাত্র ১৯ দশমিক ১৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে, গত অর্থবছরের একই সময়ে যার হার ছিল ১৭ শতাংশ।
প্রকল্প বাস্তবায়নে পিছিয়ে থাকার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, এই প্রবণতা সব সময় দেখা যায়। প্রথম দিকে বাস্তবায়ন কম হয়, পরে বেশি হয়।মূলত টেন্ডারিং ও জমি অধিগ্রহণসহ প্রকল্পের প্রস্তুতিমূলক কাজগুলোর কারণে দেরি হয়।
মুস্তফা কামাল জানান, এই পাঁচ মাসে দুই লাখ ২৭ হাজার ৮২০ কোটি টাকা ব্যয়ের ১০১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি।
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ ধরা হলেও ৭ দশমিক ৫ শতাংশ অজির্ত হতে পারে বলেও আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।
রপ্তানি প্রবৃদ্ধি, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধিতে গতি ও দেশীয় উৎপাদন বৃদ্ধির প্রবণতা বিচার করে এমন আশা করছেন বলে জানান তিনি।
পরিকল্পনা সচিব তারিক উল ইসলাম, আইএমইডি সচিব ফরিদ উদ্দিন আহমেদ, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য খোরশেদ আলম চৌধুরী ও জিইডি সদস্য শামসুল আলম এসময় উপস্থিত ছিলেন।
