রপ্তানি লক্ষ্যপূরণে ‘চাই নতুন পণ্য, নতুন বাজার’
২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি করে ৫০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে পণ্যের বহুমুখিতা আনার পাশাপাশি নতুন বাজার খোঁজার ওপর জোর দিয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান।
দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ধরা এই লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় নিয়ে সোমবার ঢাকার একটি হোটেলে গোলটেবিল আলোচনায় এই মত আসে।
সভায় অবকাঠামোর উন্নয়ন, নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ ও বন্দরের সক্ষমতা না বাড়লে লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে কি না তা নিয়ে সংশয়ও প্রকাশ করেন কয়েকজন আলোচক।
পোশাকখাতের সার্বিক মানোন্নয়নে কারাখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ও ইন্টারন্যাশনানাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সেন্টার অব অ্যাক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ (সেবাই) এই সভার আয়োজন করে। সুইডিশ দাতা সংস্থা সিডা, আন্তর্জাতিক ফ্যাশন বিপণন এইচ অ্যান্ড এম ও বিজিএমইএ প্রকল্পটির আর্থিক যোগান দিচ্ছে।
সভার মূল প্রবন্ধে সিবাইয়ের গবেষণা কর্মকর্তা রেজাউল হাসানাত ডেভিড বলেন, “গতানুগতিক পোশাক উৎপাদনের পাশাপাশি পণ্যের বৈচিত্র্যের দিকেও এগোতে হবে। পশ্চিমা বিশ্বে নতুন বাজারে প্রবেশ করা, গবেষণার মাধ্যমে বাজার ও ফ্যাশন সম্পর্কে সঠিক ডাটা তৈরি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এই খাতের প্রাথমিক কাজ।”
পোশাক শিল্পকে লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে দক্ষ জনশক্তি, ডিজাইনার ও প্রয়োজনীয় কাচামালসহ প্রয়োজনীয় সব কিছু দেশে পাওয়া যায় বলে মন্তব্য করেন ডেভিড।
“ইউরোপ আমেরিকার ফ্যাশন শোগুলোতে যাতে দেশীয় ডিজাইনারদের প্রাধান্য থাকে, সে ধরনের দক্ষ লোক সৃষ্টি করতে হবে। আমরা নিজেদেরকে টেইলারিং কান্ট্রি হিসাবে পরিচয় করাতে পারি না।”
সভায় রাবাব গ্রুপের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব বলেন, ৫০ বিলিয়ন অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করলেও এখনকার বাস্তবতা দেখে তা অর্জন করা কঠিন বলেই মনে হচ্ছে।
“গ্যাস-বিদ্যুতের সরবরাহ এখনও কাঙিক্ষত মানের হয়নি। নতুন করে গ্যাসের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে এখনও পণ্যজট লেগে আছে। এসব সমস্যার সমাধান না করে লক্ষ্য অর্জন খুবই কঠিন হবে।”
আইএলওর কর্মকর্তা খাদিজা খন্দকার বলেন, “৫০ বিলিয়ন অর্জনের কথা বার বার বলা হচ্ছে। সেজন্য কত শতাংশ দক্ষ শ্রমিক লাগবে, শ্রমিকরা কোথা থেকে আসবে- এটা ঠিক করা হয়েছে কিনা।”
পোশাক খাতের ব্যবস্থাপনা পর্যায়ে দেশীয় জনশক্তির অন্তর্ভুক্তির উপর জোর দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম।
তিনি বলেন, “কাটিং মাস্টার, সুইং মেশিনে ভবিষ্যতে আরও কত লোক প্রয়োজন তা আমরা কেউ জানি না। ৫০ বিলিয়ন অর্জনে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ।”
বিজিএমইএর সাবেক সভাপতি ও সিবাইয়ের সভাপতি আতিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মহলের সবার মতামত লিখে নেওয়া হয়েছে। সিবাই আলোচনা করে এগুলো ভবিষ্যত কর্মসূচিতে অন্তর্ভুক্ত করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির অধ্যাপক শরিফুল ইসলাম, সিডা কর্মকর্তা মাজেদা বেগম ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বাবুল আখতার গোলটেবিল আলোচনায় অংশ নেন।
