২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ সময়ে রিটার্ন জমার তাড়া 

আয়কর বিবরণী (রিটার্ন) জমার সময় শেষ হওয়ার আগের দিন রাজধানীর কর অঞ্চলগুলোর কার্যালয়ে ভিড় করেছেন করদাতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 10:26 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

পুরনো খবর:

মেলায় ২১৩০ কোটি টাকার কর আদায়
করদাতার সংখ্যা বাড়ায় সন্তুষ্ট অর্থমন্ত্রী

মঙ্গলবার সব কর অঞ্চলেই দেখা যায় উপচেপড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রিটার্ন জমা দেন তারা। শেষ মুহূর্তের তাড়ায় অফিসের সিঁড়িতে বসেই তথ্য পূরণ করতে দেখা যায় কাউকে কাউকে।

এদিকে করদাতাদের সুবিধায় শেষ দুই দিন মঙ্গল ও বুধবার রাত ৮টা পর্যন্ত সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। পূর্ব ঘোষণা অনুযায়ী রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।

যারা এখনও রিটার্ন জমা দেননি তাদের বুধবারের মধ্যে জমা দিতে অনুরোধ করেন তিনি।

ঢাকা কর অঞ্চলের বেশ কয়েকটি অফিস সেগুনবাগিচা এলাকায় অবস্থিত।

মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে দুটি আবাসিক ভবনের নিচতলায় কর অঞ্চল-১, কর অঞ্চল-৭ ও কর অঞ্চল-১১-এর তিনটি মেলা হচ্ছে। ২৪ নভেম্বর থেকে এনবিআর’র আয়কর সপ্তাহ উপলক্ষে প্রতিটি কর অঞ্চলে এ ধরনের মেলার আয়োজন করেছে। সেখানে করদাতারা রিটার্ন ফরম পূরণ ও জমা দিতে পারছেন।

করদাতারা যাতে সহজে আয়কর ফরম পূরণ, রিটার্ন জমা, প্রাপ্তি রশিদ নিতে পারেন, সেজন্য একাধিক বুথ করা হয়েছে। যারা রিটার্ন পূরণ করতে পারছেন না, তাদের সহায়তার জন্য সহায়তাকেন্দ্রও আছে।

মেলা উপলক্ষে উৎসবের আমেজ তৈরি করতে সাজানো হয়েছে কার্যালয়গুলো। ভবনের ফটকগুলো রঙিন বেলুন দিয়ে সাজানো, রং-বেরঙের কাপড় দিয়ে মোড়ানো হয়েছে গেইট। গ্যারেজের মধ্যে তৈরি করা ছোট ছোট বুথের সামনের চেয়ারে বসে আয়কর বিবরণীর ফরম পূরণ চলছে।

সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে কর অঞ্চল ৫ ও ৬ এবং বিজয়নগরে কর অঞ্চল-৪ এর কার্যালয়ও সাজানো হয়েছে একই সাজে।

এছাড়া পুরনো পল্টনে হাউজ বিল্ডিংয়ে বিভিন্ন কর অঞ্চলেও করদাতাদের ভিড় লক্ষ করা গেছে।

কর অঞ্চল-৪ এর উচ্চমান সহকারী মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে আমাদের এখানে প্রচুর করদাতা এসেছে। সকাল থেকে আমরা খুবই ব্যস্ত। আমার এই বুথে বেলা দেড়টা পর্যন্ত ৬০০ জনের বেশি করদাতাকে সহায়তা দিয়েছি।”

মাহাবুব হাসান নামের এক সরকারি কর্মকর্তা রিটার্ন জমা দিতে পেরে খুবই খুশি। কর অঞ্চল-১ এ রিটার্ন দাখিল করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাহবুব বলেন, “আধা ঘণ্টা লেগেছে আমার রিটার্ন জমা দিতে। এবার আমি প্রথম কর দিলাম।”

কর অঞ্চল ৬ এ রিটার্ন জমা দিয়েছেন সুমন সিকদার। তিনি বলেন, “কর কর্মকর্তারা ভালো সেবা দিচ্ছে, যেন কর মেলা হচ্ছে।”

এবার থেকে সরকারি কর্মকর্তাদের মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলেই রিটার্ন জমা বাধ্যতামূলক। তাই শেষ মুহূর্তে কর কার্যালয়গুলোতে তারা রিটার্ন জমা দিতে যাচ্ছেন।

এনবিআর কর্মকর্তারা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ নভেম্বরই ২০১৬-১৭ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর বিবরণী জমার সময় শেষ হচ্ছে।

এবার সময় আর বাড়বে না- বাজেটে এ ঘোষণা দিয়ে তা আইনের অংশ হিসেবে সংযোজন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এর পরে রিটার্ন জমা দিতে চাইলে যৌক্তিক কারণ দেখিয়ে সময় বাড়িয়ে নিতে পারবেন করদাতারা। এজন্য ওই করদাতাকে নির্ধারিত করের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে সুদ দিতে হবে।

রিটার্ন জমার সময় শেষের দিকে এসে গত ২১ নভেম্বর এক ঘোষণায় এনবিআর সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারসহ ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের সব কর অঞ্চল কার্যালয় খোলা রাখার ঘোষণা দেয়।

বাংলাদেশে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ‌্যা ১৮ লাখের মতো। এর মধ‌্যে গত বছর আয়কর বিবরণী জমা দেন ১৩ লাখ।

এবার নভেম্বরের শুরুতে এনবিআর আয়োজিত মেলায় প্রায় দুই লাখ আয়কর বিবরণী জমা পড়ে।

চলতি ২০১৬-১৭ অর্থবছরে মোট ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরেছে সরকার। এরমধ্যে এনবিআরকে আদায় করতে হবে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা।

আয়কর থেকে আদায়ের লক্ষ্য ধরা আছে ৭১ হাজার ৯৪০ কোটি টাকা।

গত ১ থেকে ৭ নভেম্বর সারা সপ্তাহব্যাপী আয়কর মেলা থেকে ২ হাজার ১৩০ কোটি টাকার কর আদায় হয়েছে বলে এনবিআর কর্মকর্তারা জানান।